মেয়াদের দুই বছরেও শেষ হয়নি সড়কের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদর থেকে শেওড়া পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ ২০১০ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদের পর দুই বছর পেরিয়ে গেলেও সড়কটির নির্মাণকাজ শেষ হয়নি। সংশ্লিষ্ট ঠিকাদার গত তিন বছরে সড়কের মাত্র দুই কিলোমিটার অংশে মাটি ভরাটের কাজ করেছেন। চলতি অর্থবছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে না পারলে প্রকল্পটি স্থগিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঠিকাদারের অবহেলার কারণে সড়কটি নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে পাঠানবাড়ী, নয়ন মাদবর কান্দি ও ডগ্রী হয়ে শেওড়া পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার গ্রামের মাটির রাস্তা পাকা করার জন্য সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করা হয়। ২০০৯ সালের ১১ নভেম্বর শামীমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। ২০১০ সালের ৩০ জুনের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল। শামীমা এন্টারপ্রাইজের অনুমোদনপত্রে কাজটি করছেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোক্তারের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন ব্যাপারী। কার্যাদেশ পাওয়ার এক বছরের মধ্যে সড়কে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও গত তিন বছরে শুধু সড়কের মৃধাকান্দি গ্রামের দুই কিলোমিটার অংশের মাটি ভরাটের কাজ করা হয়েছে। এই কাজের জন্য ঠিকাদার দুই কোটি টাকার বিল উত্তোলন করে নিয়েছেন। এদিকে গত বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মাটি ভরাট করা অংশ দিয়ে হেঁটে চলাচল করাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। নড়িয়া উপজেলার মুলপাড়া গ্রামের বাবুল ছৈয়াল বলেন, ‘এ এলাকার চেয়ারম্যান সড়কের কাজটি পেয়েছে। এলাকার জনগণের সুনজর পাওয়ার জন্য গত ইউপি নির্বাচনের আগে মাটি ভরাটের কিছু কাজ সে করেছে। নির্বাচিত হওয়ার পরে এখন আর সড়কের কাজ করছে না।’মৃধাকান্দি গ্রামের বারেক মুন্সী বলেন, সড়কের কিছু অংশে মাটি কাটার কারণে এলাকাবাসীকে হেঁটে চলাচল করতে হয়। প্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া করতে তাঁদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে মোক্তারের চর ইউপির চেয়ারম্যান ঠিকাদার আলাউদ্দিন ব্যাপারী বলেন, অনেক টাকা জামানত দিয়ে তিনি কাজটি নিয়েছেন। যে পরিমাণ টাকা তিনি বিল পেয়েছেন, সেই পরিমাণ কাজ তিনি সম্পন্ন করেছেন। আগামী জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে শিগগির সড়কটির বাকি কাজ শুরু করা হবে।শরীয়তপুর সওজরে নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, ‘এরই মধ্যে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়। আগামী ৩০ জুন বর্ধিত সময় শেষ হবে। কাজ শুরু করার জন্য ঠিকাদারকে কয়েকটি চিঠি দিয়েছি। যেকোনোভাবে এ অর্থবছরের মধ্যে কাজটি শেষ করতে হবে। তা না হলে প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে।’