কাগজে-কলমে ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা আজ শুক্রবার। অথচ মেয়াদ শেষে যখন নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা, তখন বর্তমান কমিটিকেই পূর্ণাঙ্গ করা হচ্ছে। এ কমিটি আর কত দিন থাকবে, সে ব্যাপারে কোনো সময়ও নির্ধারিত হয়নি। গত বছরের ১ জুলাই ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির পাঁচটি পদ পূরণ করা হয়। কথা ছিল, কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে তাঁরা ছয় মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। আজ ছাত্রদল তাদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে। দিবসটি পালন উপলক্ষে সংগঠনটি রাজধানীর পল্টন ময়দানে বিকেল তিনটায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা রয়েছে। গত ১ জুলাই ছয় মাসের জন্য সুলতান সালাউদ্দিনকে সভাপতি ও আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের এ আংশিক কমিটি গঠন করেন খালেদা জিয়া। বর্তমান কমিটির বাকি সদস্যরা হলেন: শহীদুল ইসলাম বাবুল সহসভাপতি, আমিরুজ্জামান শিমুল যুগ্ম সম্পাদক ও আনিছুর রহমান খোকন সাংগঠনিক সম্পাদক। এঁদের কেউই নিয়মিত ছাত্র নন এবং অধিকাংশই বিবাহিত। এ কমিটির দায়িত্ব ছিল, পরবর্তী ১৫ দিনের মধ্যে নিজেদের কমিটি পূর্ণাঙ্গ করা। এর পরে ছয় মাসের মধ্যে সারা দেশের ৮৫টি ইউনিটের কমিটি দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু এগুলোর একটি কাজও ঠিকভাবে হয়নি। ছাত্রদলের কমিটি এখন পর্যন্ত পাঁচ সদস্যবিশিষ্ট। ৮৫টি শাখা কমিটিও দিতে পারেননি তাঁরা। সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির কাউন্সিলের কারণে সেখানে অনেক সময় দিতে হয়েছে। ফলে ছাত্রদল গোছাতে তাঁরা খুব বেশি সময় দিতে পারেননি। তিনি বলেন, তবে এ সময়ের মধ্যে তাঁরা গুরুত্বপূর্ণ পাঁচটি ইউনিটে কমিটি গঠন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ছয় মাসে পাঁচ সদস্যের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এসব কমিটির মেয়াদও দুই মাস আগে শেষ হয়েছে।