মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে ‘কোনোমতে’ চলছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। দলের নেতা-কর্মীরা একাধিক ভাগে বিভক্ত হয়ে কোন্দলে জড়িয়ে পড়ায় হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা। দলের বেশ কয়েকজন নেতা-কর্মী এ কথা বলেছেন।
দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও চাঙা রাখতে দ্রুত জেলা আওয়ামী লীগের সম্মেলন করে নতুন নেতৃত্ব তৈরির তাগিদ দিয়েছেন দলের অনেক নেতা-কর্মী।
দলীয় সূত্র জানায়, ২০০৩ সালের ২০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কে এম মোজাম্মেল হক সভাপতি ও সালাহ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ মে এ কে এম মোজাম্মেল হকের মৃত্যু হলে সহসভাপতি এ কে আহমদ হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। গতকাল শনিবার পর্যন্ত তিনি ওই পদে বহাল আছেন। ভারপ্রাপ্ত সভাপতি দিনের বেশির ভাগ সময় আইন পেশা নিয়ে এবং সাধারণ সম্পাদক ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোন্দলের কারণে দলের সাংগঠনিক তৎপরতা নেই বললে চলে। এখন নির্দিষ্ট সময়ের জন্য আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে জেলা কমিটির সম্মেলন শেষ করা জরুরি হয়ে পড়েছে।
দলের আরও কয়েকজন নেতা বলেন, জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার কোন্দলের কারণে গত উপজেলা পরিষদ নির্বাচনে জেলার চারটি উপজেলায় (রামু, সদর, কুতুবদিয়া, উখিয়া) দলের সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে পারেননি। কোন্দলের কারণে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবি হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলা কমিটিতে এমন নেতার দরকার, যাঁর ডাকে হাজার হাজার মানুষ মাঠে নামবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিত দাশ বলেন, গত বছরের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার সব প্রস্তুতি শেষ করা হয়। কিন্তু ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তীকালে উপজেলা পরিষদ নির্বাচনের কারণে সম্মেলন পঞ্চমবারের মতো স্থগিত করা হয়।
জেলা কমিটির সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক মুজিবুর রহমান বলেন, কেন্দ্রের নির্দেশে গত ডিসেম্বরে পৃথকভাবে জেলা কমিটি তৈরি করে কেন্দ্রে পাঠানো হয়েছে। কিন্তু কেন্দ্র কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না।
সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা জানতে চেয়ে কেন্দ্র থেকে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে। পরিস্থিতি তুলে ধরে ২ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে। এর আগে ৭১ সদস্যের জেলা আওয়ামী লীগের কমিটি তৈরি করে কেন্দ্রে পাঠানো হয়। আগামী ১৫ আগস্টের পর এই কমিটির অনুমোদন মিলতে পারে। অথবা সম্মেলন করার নির্দেশও আসতে পারে। আমরা এখন কেন্দ্রের দিকে তাকিয়ে।’
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা বলেন, ওপর থেকে একটি কমিটি চাপিয়ে দেওয়া হলে দলীয় কোন্দল আরও বাড়বে। এখন দরকার জেলার ২৯৮ জন কাউন্সিলরের সরাসরি ভোটে যোগ্য নেতা নির্বাচন। অন্যথায় দলের অবস্থা আরও খারাপ হবে।