মেয়াদোত্তীর্ণ যন্ত্র দিয়ে চলছে রেডিওথেরাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসার রোগীদের রেডিওথেরাপি দেওয়ার যন্ত্রটির মেয়াদ পাঁচ বছর আগে শেষ হয়েছে৷ মেয়াদোত্তীর্ণ এ যন্ত্র দিয়েই রোগীদের থেরাপি দেওয়া হচ্ছে৷
যন্ত্রটির মেয়াদ অনেক আগেই পার হওয়ার কথা নিশ্চিত করে হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা বলেন, এতে এই যন্ত্রের কর্মক্ষমতা অনেক গুণ কমে গেছে৷ যন্ত্রটি বদলানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে৷ কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷
হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসক সূত্র জানায়, ক্যানসার রোগীর চিকিৎসার জন্য রেডিওথেরাপি দিতে ২০০৪ সালে যন্ত্রটি স্থাপন করা হয়৷ এই যন্ত্রের কোবাল্ট সোর্সের মাধ্যমেই রোগীর দেহে রেডিওথেরাপি দেওয়া হয়৷ এই কোবাল্ট সোর্সের মেয়াদ ছিল পাঁচ বছর৷ ২০০৯ সালে এর মেয়াদ শেষ হয়ে গেছে৷ এর পরও এটি দিয়েই চলছে রোগীর শরীরে রেডিওথেরাপি দেওয়ার কাজ৷
হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক স্বপন কুমার নাথ বলেন, ‘আমি এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। আমার মূল দায়িত্ব কলেজে।’ তবে যন্ত্রটির কোবাল্ট সোর্সের মেয়াদ পাঁচ বছর আগেই শেষ হয়েছে বলে তিনি নিিশ্চত করেন৷ তিনি আরও জানান, রেডিওথেরাপি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক ও রেজিস্ট্রারসহ চারজন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র একজন। আর টেকনিশিয়ান আছেন চারজন। চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
এ ব্যাপারে রেডিওথেরাপি বিভাগের একমাত্র চিকিৎসক (অনকোলজিস্ট) জাহান আফরোজ বলেন, চিকিৎসক-সংকট ও যন্ত্রটি বদলানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ এ সংকটের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। তিনি জানান, মেয়াদ শেষ হওয়ার পর এই যন্ত্র দিয়ে রোগীদের দেহে রেডিওথেরাপি দিতে সময় লাগে বেশি। এ কারণে রোগী একটু নড়াচড়া করলেই নির্দিষ্ট স্থানে থেরাপি না হওয়ার আশঙ্কা বেশি থেকে যায়৷