মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যই নিষ্ক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০০৭ সালে। কমিটির এক সদস্য মারা গেছেন, কেউ কেউ অসুস্থতার কারণে দলীয় কর্মকাণ্ডে উপস্থিত থাকতে পারছেন না। বেশির ভাগ সদস্য ঢাকা ও উপজেলা পর্যায়ের নেতা হওয়ায় জেলার রাজনীতিতে সক্রিয় নন বলে অভিযোগ নেতা-কর্মীদের। তাই নেতা-কর্মীরা শিগগিরই কমিটি গঠনের দাবি জানিয়েছেন।তাঁরা জানিয়েছেন, ২০০৬ সালের ১২ মে ৫৭ সদস্যবিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। এতে আহ্বায়ক করা হয় আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালকে। যুগ্ম আহ্বায়ক পদে দুজন এবং সদস্য পদে ৫৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালের ডিসেম্বর মাসে আফজল খানকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়। বর্তমানে কমিটির ৫৮ সদস্যের মধ্যে একজন মারা গেছেন, ১১ জন ঢাকায় অবস্থান করছেন এবং ১১ জন উপজেলা পর্যায়ে দলের দায়িত্বে রয়েছেন। গত ২৩ এপ্রিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিশেষ কর্মিসভায় নেতা-কর্মীরা এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দলকে গতিশীল রাখতে সম্মেলন ও নতুন নেতৃত্বের দাবি করেন।খোঁজ নিয়ে জানা যায়, আহ্বায়ক লোটাস কামাল একাধারে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থবিষয়ক সম্পাদক, অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে কুমিল্লায় দলীয় রাজনীতিতে সময় দিতে পারছেন না। তিন যুগ্ম আহ্বায়ক হুইপ মো. মুজিবুল হক, সফিকুল ইসলাম শিকদার ও আফজল খানের মধ্যে শেষের জন অসুস্থতার কারণে গত কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য মো. খোরশেদ আলম তিন বছর আগে মারা গেছেন। অন্য সদস্যদের মধ্যে সাংবাদিক নঈম নিজাম ঢাকায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত। সৈয়দ রেজাউর রহমান ও বাসেত মজুমদার ঢাকায় আইন পেশা নিয়ে ব্যস্ত। নৌবাহিনীর সাবেক প্রধান আবু তাহের ঢাকায় অবস্থান করছেন এবং সাংবাদিক কাজী মমতাজ উদ্দীন অসুস্থ। কমিটির ৩২ নম্বর সদস্য ফরিদ উদ্দিন আহমেদ সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলে তাঁর পদ কেড়ে নেওয়া হয়। ফলে তিনি দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ৪৭ নম্বর সদস্য নাছিমুল আলম চৌধুরী পরবর্তীকালে সাংসদ নির্বাচিত হন। সম্প্রতি অনুষ্ঠিত দলের বিশেষ কর্মিসভায় তাঁকে দেখা যায়নি। ৫১ নম্বর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমরান কবির বর্তমানে সরকারি কর্মকমিশনের সদস্য। এ প্রসঙ্গে যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, আজ শুক্রবার দলের বর্ধিত সভা ডাকা হয়েছে। সভায় জেলা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হবে। আহ্বায়ক কমিটির সব সদস্য সক্রিয় বলে তিনি দাবি করেন। যুগ্ম আহ্বায়ক ও হুইপ মুজিবুল হক বলেন, আহ্বায়ক কমিটি অত্যন্ত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। দলের সব কর্মসূচি যথারীতি পালিত হচ্ছে। কেন্দ্রীয়ভাবে নির্দেশনা এলেই কমিটি হবে।আহ্বায়ক আ হ ম মোস্তফা কামালের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।