মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ করায় নাটোর শহরের শেফা ক্লিনিকে গতকাল বৃহস্পতিবার ভোরে প্রসূতি সাহিদা বেগমের (৩২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন ক্লিনিকে চড়াও হয়। তারা ক্লিনিকের মালিক খলিলুর রহমানকে লাঞ্ছিত করে এবং সাহিদার লাশ ভেতরে রেখে ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। গতকাল সকাল ১০টার দিকে জনতার চাপের মুখে পুলিশের উপস্থিতিতে ক্লিনিকের মালিক সাহিদার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেড় লাখ টাকা দেওয়ার লিখিত অঙ্গীকার করলে পরিস্থিতি শান্ত হয়। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শহরের উত্তর বড়গাছা মহল্লার আবুল হোসেনের স্ত্রী সাহিদা বেগমকে শেফা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল পাঁচটায় তাঁর এক ছেলে ও এক মেয়েশিশু ভূমিষ্ঠ হয়। জন্মের পর শিশু দুটি সুস্থ থাকলেও মায়ের খিঁচুনি শুরু হয়। রাত সাড়ে তিনটায় ক্লিনিক থেকে প্রসূতির শরীরে ‘জি-প্যাথেটিক’ নামের ইনজেকশন প্রয়োগ করা হয়। এর আধা ঘণ্টার মধ্যে প্রসূতি মারা যান। সাহিদার ভাই শফিকুল ইসলাম বলেন, ‘ইনজেকশনটি ২০১০ সালের অক্টোবরে মেয়াদোত্তীর্ণ হওয়ায় আমরা সেটা প্রয়োগ করতে নিষেধ করি। কিন্তু ক্লিনিকের কর্তব্যরত সেবিকা ওই ইনজেকশন প্রয়োগ করেন।’ নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিহতের পরিবার ও স্থানীয় লোকজন ক্লিনিকের মালিকের সঙ্গে ঘটনাটি মীমাংসা করে নিয়েছেন। আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দেয়নি। তবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’শেফা ক্লিনিকের মালিক খলিলুর রহমান বলেন, ‘আমরা মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ করিনি। অস্ত্রোপচারের পর রোগী অত্যধিক খিঁচুনির কারণে মারা গেছেন। কিছু সুযোগসন্ধানী লোক ক্লিনিকে হামলা চালিয়ে তাণ্ডব সৃষ্টি করেছে। পরে ঘটনাটি মীমাংসা করা হয়েছে।’