মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি
সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ কেন থাকছে তা জানতে চেয়েছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে এভাবে ওষুধ পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেছে কমিটি।গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়। কমিটির সভাপতি মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে তিনি নিজেই সভার শুরুতে বিষয়টি উত্থাপন করেন।কমিটির সভাপতি বলেন, সরকারি হাসপাতাল থেকে সাধারণ মানুষ ওষুধ পায় না এই অভিযোগ নিত্যদিনের। অথচ হাসপাতালগুলোতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এর কারণ অনুসন্ধান করা দরকার। কমিটির সদস্য শামসুর রহমান শরীফও সভাপতির বক্তব্য সমর্থন করেন বলে সূত্র জানায়।বৈঠকের পর ফজলে রাব্বি মিয়া এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, সরকারি ওষুধ নিয়ে কমিটির কাছে অভিযোগ এসেছে। দেখা গেছে গরিব মানুষ সরকারি হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ পায় না। অথচ হাসপাতালে ওষুধ পড়ে থাকে। তাই বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে সুপারিশ করছে কমিটি।জানা গেছে, সভায় মফস্বলের হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে আলোচনা হয়। মফস্বলের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।সভায় সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ নিয়েও আলোচনা করা হয়। কমিটি সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী পদে মেথরদের সরাসরি নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে। কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বিষয়টি উত্থাপন করেন।সভায় কমিটির সদস্য শামসুর রহমান শরীফ, বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী অংশ নেন। স্বাস্থ্যসচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।