টাঙ্গাইল সদর হাসপাতালে গত শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে চার নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিয়েছে ওই হাসপাতালের তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের কোনো অবহেলা বা ভুল চিকিৎসার প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। মেয়াদোত্তীর্ণ ওষুধও ব্যবহার করা হয়নি।
তদন্ত কমিটির প্রধান শিশুরোগ বিশেষজ্ঞ এ জেড এম আবদুল্লাহ আল হারুন গতকাল রোববার হাসপাতালের সহকারী পরিচালক নূর মোহাম্মদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এক পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়, মারা যাওয়া চার শিশু জন্মের সময় শ্বাসকষ্ট, শ্বাসতন্ত্র ও রক্তে সংক্রমণ, ওজন কম ও অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করেছিল। হাসপাতালে ভর্তির সময় থেকেই তাদের অবস্থা ছিল গুরুতর। তাই স্বাভাবিক কারণেই তাদের মৃত্যু হয়েছে। এ ক্ষেত্রে চিকিৎসায় কোনো প্রকার ভুল বা গাফিলতি পাওয়া যায়নি। মেয়াদোত্তীর্ণ কোনো ইনজেকশন বা ওষুধ ব্যবহার করা হয়নি। তবে তদন্ত প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য ইনজেকশন ব্যবহারের আগে মেয়াদোত্তীর্ণের তারিখ লক্ষ করাসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
শুক্রবার চার নবজাতকের মৃত্যুর পর তাদের অভিভাবকেরা অভিযোগ করেন, ভুল চিকিৎসা বা মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহারের কারণে তাদের মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জনের কার্যালয় আরও দুটি কমিটি গঠন করে। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের গঠন করা তদন্ত কমিটি আজ সোমবার তদন্ত রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে।