মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ, বরখাস্ত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে এক শিক্ষার্থীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের ঘটনায় জড়িত কর্মচারী বাবুল চন্দ্র শীলকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া চিকিত্সাকেন্দ্রের প্রধান কর্মকর্তা কাজী মোহাম্মদ সাইফুল্লাকে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশের পাশাপাশি তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দপ্তরে ওষুধ ক্রয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও চিকিত্সাকেন্দ্রের উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। গত শুক্রবার শ্বাসকষ্টজনিত রোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিত্সাকেন্দ্রে গেলে তাঁকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেন বাবুল চন্দ্র। এ নিয়ে গতকাল শনিবার প্রথম আলোতে ‘সব রোগের ওষুধ প্যারাসিটামল, যোগ হলো মেয়াদোত্তীর্ণ! শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।