মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতা-কর্মীরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় সব কমিটিই মেয়াদোত্তীর্ণ। এ অবস্থায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। তাঁরা দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। ৩৫ বছর পর কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগ থেকে সাংসদ নির্বাচিত হন আ ক ম বাহাউদ্দিন। মহাজোটের মনোনয়ন না পেয়েও আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চৌদ্দগ্রাম থেকে সাংসদ হয়েছেন মো. মুজিবুল হক। নতুন নির্বাচনী এলাকা নাঙ্গলকোট থেকে সাংসদ নির্বাচিত হন আ হ ম মুস্তফা কামাল। কুমিল্লা-৫ থেকে ’৯১, ’৯৬ ও ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হয়েছেন আবদুল মতিন খসরু।সূত্র জানায়, ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি তিন সদস্যবিশিষ্ট দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। একই বছরের ১২ মে ওই কমিটির সদস্য বাড়িয়ে ৫৪ করা হয়। ২০০৮ সালের ডিসেম্বর মাসে আরও একজনকে কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। ওই কমিটির মেয়াদ ছয় বছর পার হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি হয়নি।২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে এখন পর্যন্ত মহানগর কমিটি গঠন করা হয়নি। ১৯৯৭ সালে ৬৭ সদস্যবিশিষ্ট দক্ষিণ জেলা যুবলীগের কমিটি গঠিত হয়। চলতি বছরের ১৭ জুন ওই কমিটি ভেঙে দেওয়া হয়। বর্তমানে কমিটি ছাড়াই চলছে যুবলীগের কার্যক্রম। ২০০৪ সালের ২৫ মার্চ স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এখনো ওই কমিটি দিয়েই চলছে কার্যক্রম। ২০১১ সালের ২৭ জুন এক বছরের জন্য জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর প্রায় তিন মাস পার হয়েছে। দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানান, জেলার নয় উপজেলার অধিকাংশ কমিটিই মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে দল চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। বরুড়া উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। এর পরও সেখানে স্থানীয় সাংসদ নিজে আহ্বায়ক হয়ে একাংশের নেতৃত্ব দিচ্ছেন। চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে দলের কার্যক্রম। এ কারণে দলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘কুমিল্লায় এ মুহূর্তে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে সবার আগে মহানগর কমিটি করতে হবে। দলের অঙ্গসংগঠনগুলোর কমিটি নিয়মিত হলে নেতৃত্ব বেরিয়ে আসবে।’ নবনিযুক্ত রেলপথমন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুল হক বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি যখন বলবে, তখনই কমিটি হবে। যাঁরা আওয়ামী লীগ করে এবং মহানগরের বাসিন্দা তাঁরা মহানগরের নেতৃত্ব দেবেন। আর যাঁরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা তাঁরা জেলার নেতৃত্ব দেবেন। পর্যায়ক্রমে সব অঙ্গসংগঠনের কমিটি হবে।’