মেয়াদোত্তীর্ণ কমিটির সমালোচনা করে নতুন কমিটির বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট ছাড়া সমঝোতার মাধ্যমে গঠিত জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, ক্লাবের অনিশ্চয়তা ও অচলাবস্থা নিরসনে এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য গঠনতন্ত্রের ১৪ ক অনুচ্ছেদ অনুযায়ী দ্বিবার্ষিক সাধারণ সভা হয়েছে। তাই এ বিষয়ে মেয়াদোত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটির বক্তব্য সম্পূর্ণ অগঠনতান্ত্রিক, নৈতিকতা-বিবর্জিত ও এখতিয়ার-বহির্ভূত।
গত বৃহস্পতিবার সাধারণ সভা ডেকে সরকার-সমর্থক ও জাতীয়তাবাদী ধারার একাংশের সাংবাদিক নেতারা ব্যবস্থাপনা কমিটি গঠন করেন। ওই দিনই মেয়াদ শেষ হলেও বর্তমান ব্যবস্থাপনা কমিটি নতুন কমিটি গঠনকে অবৈধ বলে আখ্যা দেয়।
এর জবাবে গতকাল শুক্রবার দেওয়া বিবৃতিতে নতুন কমিটি বলেছে, বিগত কমিটির অপরিণামদর্শিতা ও অযোগ্যতার কারণে নির্বাচন কমিশন নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন করতে অপারগতা জানালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সদস্যরা ক্ষুব্ধ হন। এ পরিস্থিতিতে পূর্বনির্ধারিত ২৮ মে সাধারণ সদস্যরা দ্বিবার্ষিক সাধারণ সভা করে এই কমিটি গঠন করেন।
নতুন সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বিবৃতিতে বলেন, সম্পূর্ণ গঠনতান্ত্রিকভাবে তাঁদের নেতৃত্বাধীন কমিটি নির্বাচিত হয়েছে। দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন প্রসঙ্গে বিগত কমিটির দেওয়া বিবৃতি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও সত্যের অপলাপ মাত্র।
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিগত কমিটি সম্পূর্ণ এখতিয়ার-বহির্ভূতভাবে ২৭ জুন অতিরিক্ত সাধারণ সভা ডেকে গঠনতন্ত্র লঙ্ঘন করেছে। ওই কমিটির সভা আহ্বান কিংবা ক্লাব পরিচালনায় কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।
বৃহস্পতিবার মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বিবৃতিতে বলেছিলেন, সংকট নিরসনে পন্থা বের করতে তাঁরা সাধারণ সভা ডেকেছেন। এই অন্তর্বর্তীকালীন সময়ে অন্য কারও পক্ষে সাধারণ সভা ডাকার নৈতিক বা আইনগত এখতিয়ার নেই।