মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ জব্দ : এক আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থেকে দুই হাজার কেজি মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ উদ্ধারের মামলায় মোবারক হোসেন (৩৫) নামের এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মইনউদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মুক্তার হোসেন এই আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৩০ এপ্রিল রাতে কদমতলীর কমিউনিটি পুলিশ ভবনের সামনে মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে ডিবি পুলিশ। এ সময় মোবারককে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পরের দিন কদমতলী থানায় মামলা করেন ডিবির উপসহকারী পরিদর্শক হাদিউর রহমান। এই আসামিসহ তাঁর অপর সহযোগীরা মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ এনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিষ্টির দোকান, ফ্যাক্টরি ও মুদির দোকানে বাজারজাত করেন। ১০ মাস আগে এসব গুঁড়া দুধের মেয়াদ শেষ হয়েছে। এই আসামির সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

মামলার প্রাথমিক বিবরণী থেকে জানা গেছে, কাভার্ড ভ্যানে ১০ হাজার প্যাকেট গুঁড়া দুধ ছিল। প্যাকেটের গায়ে লেখা আছে ডানো। প্রতি প্যাকেটের মূল্য ১২৬ টাকা। জব্দ করা গুঁড়া দুধের আনুমানিক মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। মামলার পলাতক আসামিরা ডেমরা কোনাবাড়ী ডানো ফ্যাক্টরি থেকে কতিপয় অসৎ কর্মচারীর সহযোগিতায় এই গুঁড়া দুধ এনেছেন।