মেয়াদোত্তীর্ণ নেতৃত্বে চলছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ নেতৃত্ব দিয়ে চলছে জামালপুর জেলা আওয়ামী লীগ। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এই জেলায় মেয়াদ শেষ হওয়ার সাড়ে সাত বছর পরও সম্মেলনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জেলার সাতটি উপজেলা কমিটির চিত্রও একই।
জেলা আওয়ামী লীগের একাধিক নেতা অভিযোগ করেছেন, জেলা ও উপজেলায় সাংসদদের ঘিরেই চলে সব কর্মকাণ্ড। দলীয় কর্মকাণ্ড নেই বললেই চলে। এর মধ্যে প্রতিমন্ত্রী হওয়ার পর মির্জা আজম পুরো জেলার রাজনীতিতেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ১৪ অক্টোবর জেলা কমিটির সম্মেলন হয়। ওই সম্মেলনে মো. শহীদুল্লাহ সভাপতি ও ফারুক আহম্মেদ চৌধুরী সাধারণ সম্পাদক হন। এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে ২০০৬ সালের অক্টোবরে। এর মধ্যে মো. শহীদুল্লাহ অসুস্থ হয়ে পড়লে ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় সহসভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহকে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন সহসভাপতি অভিযোগ করেন, এখন সংগঠনকে ব্যবহার করে কোনো কোনো নেতা তদবির ও ব্যবসা-বাণিজ্য করে অর্থবিত্তের মালিক হচ্ছেন। কিন্তু সংগঠন শেষ হয়ে যাচ্ছে। সাংগঠনিক দুর্বলতা ও দলীয় কোন্দলের কারণে সাতটি উপজেলার মধ্যে চারটিতেই আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা হেরে গেছেন। জোর করে সিল না মারলে মেলান্দহ ও মাদারগঞ্জেও একই অবস্থা হতো।
দলীয় সূত্র জানায়, ২০০৩ সালে জেলা সম্মেলনের আগে উপজেলা কমিটিগুলো গঠন করা হয়। কিন্তু উপজেলা কমিটিও হচ্ছে না। এখানেও মেয়াদোত্তীর্ণ নেতৃত্ব দিয়ে চলছে কর্মকাণ্ড।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আকন্দ বলেন, ‘দীর্ঘদিন কমিটি না হওয়ায় জামালপুরে আমার মতো অন্তত পাঁচ হাজার কর্মীর এখন কোনো পদ-পদবি নেই। এখন তাঁরা হতাশ পড়েছেন।’
জানতে চাইলে মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, কেন্দ্র থেকে নির্দেশ দিলেই কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন বলেন, জেলা শাখাগুলোর সম্মেলনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তারই ধারাবাহিকতায় জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন দ্রুত করা হবে।