মেয়াদোত্তীর্ণ পানীয়র বোতলে নতুন তারিখ, দুজনের কারাদণ্ড
যশোরের মনিরামপুরে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় কোকাকোলা ও স্প্রাইটের বোতলের পুরোনো তারিখ মুছে নতুন তারিখ বসানোর অভিযোগে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে এ রায় দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ অতুল মণ্ডল আদালত পরিচালনা করেন। এ সময় আদালত কোকাকোলা ও স্প্রাইটের পরিবেশক মফিজুর রহমানের গুদামটি সিলগালা করে দেন। সাজা পাওয়া দুই ব্যক্তি হলেন উপজেলার হাকোবা গ্রামের আলম হোসেন (২৫) ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের সোহেল রানা (২৪)। আলম কোমল পানীয়র পরিবেশক মফিজুর রহমানের ছেলে। সোহেল স্প্রাইট কোম্পানির কর্মচারী।
আদালত সূত্র জানায়, গত রোববার রাতে আলম ও সোহেল পরিবেশক মফিজুর রহমানের গুদামে মেয়াদোত্তীর্ণ কোকাকোলা ও স্প্রাইটের বোতলে নতুন তারিখ সিল মেরে বসাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাঁদের আটক করেন। এরপর তাঁদের দেওয়া তথ্য অনুসারে আদালত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ চানাচুর, লবণ ও চিপস জব্দ করেন। আলম ও সোহেলকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদালত গুদামটি সিলগালা করে দেন।