মেয়াদোত্তীর্ণ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, দুই নেতা মৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতিকে বাদ দিয়ে ছয় বছর পর রাজশাহী জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত শনিবার এই কমিটি অনুমোদন করা হলেও এর মেয়াদ উল্লেখ করা হয়েছে ২০০৭ সাল পর্যন্ত। এই কমিটিতে একজন সহসভাপতিসহ দুজন মৃত ব্যক্তির নামও স্থান পেয়েছে। ফাঁকা রাখা হয়েছে ১০টি পদ। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লাকে সভাপতি ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন করা হয়েছে। গত শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০০৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের কাউন্সিলে গঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা অনুমোদন করেছেন। ২০০৫ সালের কাউন্সিলের কমিটি অনুমোদন করার কথা বলা হলেও সেই কাউন্সিলে নির্বাচিত সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের নাম বাদ দেওয়া হয়েছে। এই কমিটিতে সহসভাপতি হিসেবে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা খ ম শফিকুল ইসলামের নাম রয়েছে। শফিকুল ইসলাম ২০০৯ সালের ৬ মে মারা যান। তিনজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মিজানুর রহমান মিনু গত ২৭ জুলাই মারা গেছেন।