মেয়াদোত্তীর্ণ প্রতিষেধক দেওয়ার অভিযোগ
ভ্যাকসিন ক্যাম্পে গরু, ছাগল, হাঁস ও মুরগিকে মেয়াদোত্তীর্ণ প্রতিষেধক (ভ্যাকসিন) দেওয়ার অভিযোগে তিন মাঠকর্মী এবং তাঁদের দুই সহযোগীকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখেন গ্রামবাসী। তাঁরা দুই মাঠকর্মীকে মারধরও করেছেন। যশোরের অভয়নগর উপজেলার ভাটবিলা গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর গরু-ছাগলের তড়কা এবং হাঁস-মুরগির কলেরা রোগ প্রতিরোধের জন্য এ ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করেছিল।গ্রামবাসী জানান, গতকাল সকালে ভাটবিলা গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে ভ্যাকসিন ক্যাম্পে গ্রামবাসী তাঁদের গরু, ছাগল, হাঁস ও মুরগিকে ভ্যাকসিন দিতে নিয়ে যান। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তিন মাঠকর্মী আসাদুজ্জামান মিলন, এস এম আলমগীর হোসেন ও তরিকুল ইসলাম এবং তাঁদের দুই সহযোগী সমর কান্তি বিশ্বাস ও দেব প্রসাদ মণ্ডল ভ্যাকসিন দিচ্ছিলেন। একপর্যায়ে গ্রামবাসী দেখতে পান, ভ্যাকসিনের বোতলের মোড়কে তা ব্যবহারের শেষ তারিখ ৭ ডিসেম্বর ২০১০ লেখা রয়েছে।এরপর গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ওই পাঁচজনকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখেন। এ সময় গ্রামবাসী দুজন মাঠকর্মীকে মারধর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ছাড়া পান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন বলেন, ওই মাঠকর্মীদের উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।