মেয়াদোত্তীর্ণ বেবিট্যাক্সির ধোঁয়ায় পরিবেশ দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বিভিন্ন সড়কে চলাচল করছে দুই সহস্রাধিক মেয়াদোত্তীর্ণ বেবিট্যাক্সি। এসব যান থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ায় নগরের পরিবেশ দূষিত হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্যও ।মালিক ও চালকেরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে এসব জরাজীর্ণ, ফিটনেসহীন এবং অবৈধ বেবিট্যাক্সি চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হূদেরাগ বিশেষজ্ঞ মিজানুর রহমান জানান, বেবিট্যাক্সির ইঞ্জিন থেকে বের হওয়া ধোঁয়ায় বিষাক্ত কার্বন, সিসাসহ বিভিন্ন ক্ষতিকারক পদার্থ থাকে। এসব পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ায় মানুষ শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যানসার, জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া দীর্ঘ মেয়াদে যকৃত্, কিডনিসহ নানা অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।স্থানীয় সূত্রে জানা গেছে, ইঞ্জিন পুরোনো হওয়ায় বেবিট্যাক্সি চালানোর সময় পরিবেশের পাশাপাশি শব্দদূষণও হচ্ছে। বেবিট্যাক্সির কারণে খুলনা নগরের কোনো কোনো স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। নগরের এমনই একটি এলাকা হচ্ছে ডাকবাংলা মোড়। খোঁজ নিয়ে জানা গেছে, আট বছর আগেও খুলনায় দেড় হাজারের মতো বেবিট্যাক্সি ছিল। ২০০৩ সালে রাজধানী ঢাকায় চলাচলনিষিদ্ধ হওয়ার পর সেখান থেকে এক হাজারেরও বেশি বেবিট্যাক্সি খুলনায় আনা হয়। এসব বেবিট্যাক্সির অধিকাংশই ২০-২৫ বছরের পুরোনো। এ কারণে এগুলোর ইঞ্জিন, যন্ত্রাংশ সবকিছু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।জানা গেছে, নগরের ডাকবাংলা মোড় থেকে দৌলতপুর ও খালিশপুর, রূপসা-দৌলতপুর-ফুলতলা, রূপসা-খালিশপুর, দৌলতপুর-শাহাপুর এবং খুলনা-বটিয়াঘাটা সড়কে বেশি বেবিট্যাক্সি চলাচল করছে। তাই এসব এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া শব্দ দূষণের কারণেও স্থানীয় লোকজন অতিষ্ঠ হচ্ছেন। বেবিট্যাক্সিচালক নুরুল হক, চান মিয়া ও কাওসার জানান, পরিবেশদূষণ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। তবে গাড়ি চালানোর পর তাঁদের বমি বমি ভাব হয়, মাথাব্যথা ও খাওয়া-দাওয়ায় অরুচি হয় এবং চোখ জ্বালা করে। দৌলতপুর ও খালিশপুর থেকে নগরের বিভিন্ন স্থানে বেবিট্যাক্সিতে নিয়মিত যাতায়াত করেন শফিকুর রহমান, জয়নুল আবেদিন, মোশারেফ হোসেন ও আলাউদ্দিন। তাঁরা জানান, বেবিট্যাক্সির ইঞ্জিনের বিকট শব্দ কানে লাগে এবং পোড়া পেট্রলের গন্ধ-ধোঁয়ায় চোখ জ্বালা করে ও বমি আসে। এর পরও বিকল্প বাহন না থাকায় বাধ্য হয়ে তাঁদের বেবিট্যাক্সি করে যাতায়াত করতে হচ্ছে।দৌলতপুর-খুলনা বেবিট্যাক্সির ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হালিম দাবি করেন, তাঁদের অধিকাংশ গাড়ির কাগজপত্র আছে। বিআরটিএ খুলনার পরিচালক শেখ সেলিম বক্স জানান, তাঁদের হিসাবে নগরে দুই হাজারের মতো বেবিট্যাক্সি চলাচল করে। এর অধিকাংশই চলাচলের অযোগ্য। এগুলোর মধ্যে মাত্র ১০টির কাগজপত্র ঠিক আছে। এগুলোর ফিটনেস ও ট্যাক্স-টোকেনও নেই। সেলিম বক্স দাবি করেন, তাঁদের ম্যানেজ করার বিষয়টি সঠিক নয়। তাঁরা প্রায়ই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন। সেলিম বক্স দাবি করেন, পরিবেশ দূষণ করলেও রাজনৈতিক কারণে খুলনার আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে এগুলো চলতে দেওয়া হচ্ছে। নগর পরিবহনের বিকল্প ব্যবস্থা গ্রহণের পর এগুলো বন্ধ করা যাবে।খুলরা নগর পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান জানান, পুলিশকে ম্যানেজ করে বেবিট্যাক্সি চালানোর অভিযোগ সঠিক নয়। পুলিশ অবৈধ বেবিট্যাক্সির কাছ থেকে জরিমানা আদায় করছে। পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয়ের পরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, প্রতি মাসেই তিন-চারবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে চলাচলকারী বেবিট্যাক্সির কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে।