মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বাজারজাত করার চেষ্টা, জরিমানা
ফরিদপুরে এলসন কোম্পানির মিনি কাপ লিচি, স্মাইল ফ্রেস, থ্রি চিয়ার্স নামের মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ধুয়ে রোদে শুকিয়ে আবার বাজারজাত করার উদ্যোগ নেওয়ায় দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ফরিদপুর শহরে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শহরের ঝিলটুলী মহল্লার অম্বিকা সড়কের একটি বাড়ির সামনে কোম্পানির বিক্রয় ও বিপণন প্রতিনিধি মুনতাসির রহমানের যোগসাজশে কোম্পানিটির স্থানীয় পরিবেশক হক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আজমল হক উল্লিখিত শিশুখাদ্য পানিতে ধুয়ে রোদে শুকিয়ে আবার প্যাকেট ও বোতলজাত করাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন মুনতাসির। পরে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতে আজমল হককেও ডেকে আনা হয়। আদালতের বিচারক শাহরীয়ার মতিন জানান, বিক্রয় প্রতিনিধি মুনতাসিরকে ২৫ হাজার ও স্থানীয় পরিবেশক আজমল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।