মেয়ে অকৃতকার্য হওয়ায় বাবার হাতে শিক্ষক লাঞ্ছিত
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পাইলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায় অকৃতকার্য এক ছাত্রীর বাবার বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, ওই অভিভাবকের বিচারের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে।স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পরশমণি ফেল করেছে। পরশমণির বাবা নুরুল আমিন (৩২) তাঁর মেয়ে ফেল করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ওই শিক্ষকের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। পরে দুপুর দুইটায় ওই শিক্ষক বাড়ি ফেরার পথে নুরুল আমিন তাঁর ওপর চড়াও হয়ে মারধর করেন। এ ব্যাপারে ওই রাতেই লাঞ্ছিত শিক্ষক বাদী হয়ে নুরুল আমিনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা করেন। লাঞ্ছিত শিক্ষক মুক্তিযোদ্ধা ওসমান গণি বলেন, ‘পরশমণি বার্ষিক পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে সব কটি বিষয়ে অংশ না নেওয়ায় অকৃতকার্য হয়েছে। মেয়ে অকৃতকার্য হওয়ার কারণেই নুরুল আমিন আমার সঙ্গে এ ঘটনা ঘটিয়েছেন।’ অভিযুক্ত নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল হান্নান বলেন, ‘ঘটনার সময় আমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না। মারধরের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’