‘জিনের আছর’ ছাড়ানোর নামে পানি ও তেলপড়া দিয়ে চিকিৎসাদানকারী সিলেটের ‘পীরানি’ (নারী পীর) তহুরা বেগমকে মেয়ে ও জামাতাসহ আটক করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে রায়নগরের পার্শ্ববর্তী এলাকা থেকে পালানোর সময় তিনজনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল। যোগাযোগ করা হলে র্যাব-৯-এর এএসপি মো. রবিউল ইসলাম নারী পীরকে আটকের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, তাঁকে র্যাবের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ওই নারী পীরের পানি ও তেলপড়া খেয়ে গত শুক্রবার মেধাবী ছাত্রী সৈয়দা মারওয়া রিফাত মারা যান। একইভাবে অসুস্থ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিফাতের মা সিদ্দিকা আক্তার চৌধুরী ও মামা ইশতিয়াক আহমদ চৌধুরী।তহুরা রায়নগর এলাকাতেই গা ঢাকা দিয়েছিলেন। ভাড়া বাড়িতে না থাকলেও র্যাব-৯-এর একটি বিশেষ দল তাঁর গতিবিধির ওপর নজর রাখে। বিকেল সোয়া চারটার দিকে রায়নগরের পার্শ্ববর্তী সোনারপাড়ার একটি বাসা থেকে তহুরা বের হলে র্যাবের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় মেয়ে নাজমা বেগম ও জামাতা মো. নুরুল ইসলাম তাঁর সঙ্গে ছিলেন। তাঁদের সবাইকে নগরের মেজরটিলায় র্যাব-৯ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র্যাব সূত্র জানায়। রিফাত মারা যাওয়ার ঘটনায় তাঁর মামা বাদী হয়ে নারী পীরসহ নয়জনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অঞ্জন রায় জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে।মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রিফাতের মরদেহের ময়নাতদন্ত হয়। রাত সাড়ে ১০টায় মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হলে গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ভাদেশ্বরে নিয়ে যাওয়া হয়। গতকাল সকালে পারিবারিক গোরস্তানে বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।