কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় ডুবে যাওয়া নৌকার যাত্রী মালা আক্তার ওরফে পলির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬০ কিলোমিটার দূর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পলির চার বছরের মেয়ে কেয়ামণিসহ ওই নৌকায় থাকা ১১ জন যাত্রী এখনো নিখোঁজ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালার লাশ কুমারখালী উপজেলার গড়াই নদীর এনায়েতপুর এলাকায় ভেসে ওঠে। রাত সাড়ে সাতটার দিকে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মালার চাচা বুলবুল লাশ শনাক্ত করেন। নৌকাডুবির সময় মালার স্বামী কাজলও ছিলেন। তাঁকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঈদের দিনে আনন্দভ্রমণে গিয়ে বিকেল চারটার দিকে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলে ও খুলনা থেকে আসা ডুবুরিরা ঘটনাস্থলের আশপাশে অভিযান চালাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিরা দৌলতপুর উপজেলার ফারাকপুর ও গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক সকালে প্রথম আলোকে জানান, তাঁদের হিসাবমতে ডুবে যাওয়া নৌকায় মাঝিসহ ১৭ জন ছিলেন। এর মধ্যে পাঁচজন তীরে পৌঁছাতে সক্ষম হন। একজনের লাশ উদ্ধার হয়েছে। বাকি ১১ জন এখনো নিখোঁজ। রাতেই খুলনা থেকে আট সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে বলে তিনি জানান।
ডুবুরি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ জাহিদ প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। তাই নিখোঁজদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তাই লাশ ভেসে না ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
নিখোঁজ যাত্রীদের মধ্যে রয়েছে বিভা (২২), শিপন (২৬), শাহাজুল (২৮), স্বপন (২০), কেয়ামণি (১০), জামাল (২৬) তাঁর স্ত্রী সুমি (২০), বীথি (১০), তিন্নি (৭), সন্ধ্যা (৪), সুবর্ণা (৬) ও কালু।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সকালে প্রথম আলোকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে জোর তত্পরতা চলছে। ডুবুরিরা ঘটনাস্থল থেকে একটু দূরে ভেড়ামারা উপজেলার রায়টা ঘাটে উদ্ধার তত্পরতা চালাচ্ছেন।