মেয়ে নির্যাতনের শিকার, বিচার চেয়ে বাবা আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মেয়ের শারীরিক-মানসিক নির্যাতনের বিচার চেয়ে এক বাবা ডাকাতি ও চাঁদাবাজি মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে রাজাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) মো. আবদুল ওহাব নামের ওই ব্যক্তি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

স্থানীয় একটি মসজিদের ইমাম আবদুল ওহাব লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন, তিনি রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ে জান্নাত বেগমকে (২৬) একই ইউনিয়নের বাসিন্দা মো. আবুল কাশেমের (৩১) সঙ্গে ২০০৮ সালের ১০ ডিসেম্বর বিয়ে দেন। বিয়ের পর ছেলেপক্ষ দুই লাখ টাকা যৌতুক দাবি করে। পরে স্থানীয় সালিসের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ৫০ হাজার টাকা দেন। এরপর কয়েক বছর তাঁর মেয়ের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু দুই বছর ধরে তাঁর জামাতা আবুল কাশেম আবারও দুই লাখ টাকা দাবি করেন। এ নিয়ে তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো শুরু করেন। এ পরিস্থিতিতে তিনি জামাতাকে ৮০ হাজার টাকা দেন। এরপর আবার টাকা দাবি করেন। অপারগতা প্রকাশ করলে আবুল কাশেম তাঁর স্ত্রীকে দুই সন্তানসহ বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পরে মেয়ে ভোলার মুখ্য বিচারিক হাকিম আদালতে ৬ জুলাই মামলা করেন। এ মামলার পরে জামাতাপক্ষের ৮-১০ জন তাঁর বাড়িতে আসেন সমঝোতার জন্য। ১৫ জুলাই তাঁর বাড়িতে সালিস বসে। এ সময় জামাইপক্ষ আবার দুই লাখ টাকা দাবি করে। তখন মেয়ে যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে সালিসেই তাঁকে জামাতা আবুল কাশেম ও তাঁর ভাই মো. সিরাজুল ইসলামসহ তিন–চারজন কিল-ঘুষি মেরে জান্নাতকে আহত করেন।

আবদুল ওহাব আরও বলেন, এ ঘটনার পর তাঁর জামাতা আবুল কাশেম ১৮ জুলাই ও তাঁর ভাই মো. সজীব ২১ জুলাই বাদী হয়ে ওহাবের বিরুদ্ধে ঘের ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা করেন।

আবুল কাশেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে অভিযোগ অস্বীকার করে তাঁর ভাই মো. সজীব বলেন, আবদুল ওহাব সরদার দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় একদল সন্ত্রাসী দিয়ে তাঁর ঘেরে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তাঁর ভাইকে কুপিয়ে জখম করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির গতকাল প্রথম আলোকে বলেন, তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত আবদুল ওহাবের জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি।