মেয়ে পরীক্ষা দিয়ে বেরিয়ে শোনেন মা নেই
‘আমি দোয়া করব না। আমি এসব মানি না। আল্লাহর এটা কী রকম বিচার’—মায়ের লাশের সামনে দাঁড়িয়ে এ কথা বলে বিলাপ করছিলেন নাজিয়া নুসরাত চৈতি।ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগমের আকস্মিক মৃত্যু কী রকম বিনা মেঘে বজ্রপাতের মতো তছনছ করে দিয়েছে কয়েকজন মানুষের খুব যত্নে লালিত একটি স্বপ্ন, শোকাকুল চৈতির এ কথায়ই তা স্পষ্ট। গতকাল চৈতি মেডিকেলের চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়ে বের হয়ে জানতে পারেন, তাঁর মা আর বেঁচে নেই। তখন থেকে নির্বাক হয়ে যান তিনি। বিকেলে মায়ের লাশের সামনে গিয়ে আর নিজেকে সামলাতে পারলেন না।স্বামী নজরুল ইসলাম খান সারাক্ষণ কোরআন শরিফ পড়ছিলেন। থেকে থেকেই কেঁদে উঠছিলেন। তাঁর বুকফাটা কান্না ঘরের পরিবেশ ভারী করে তুলছিল। ছেলে তৌফিকুল বাবাকে আঁকড়ে বসে ছিলেন।রাজিয়া বেগম কাজে ঢাকার বাইরে গেলে সব সময় তাঁকে দোতলা থেকে নিচ পর্যন্ত এসে বিদায় দিতেন স্বামী নজরুল। কিন্তু এবার শেষ বিদায় দিতে পারেননি। তাই কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। ভোরে আধো ঘুমের মধ্যেই ‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় দেন স্ত্রীকে। কে জানত, এ বিদায়ই শেষ বিদায় হবে!শেরেবাংলা নগরে গণভবন স্টাফ কোয়ার্টারের প্রতিটি ঘরেই স্বামী ও সন্তানদের সঙ্গে রাজিয়া বেগমের হাসিমাখা ছবি ঝুলছে। রাষ্ট্রপতি ও অন্যান্য ব্যক্তির হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি, সাজিয়ে রাখা বিভিন্ন ক্রেস্ট দেখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, ছবির এই মানুষটি আর কখনো হাসবেন না।রাজিয়া বেগম শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের কাছেও প্রিয় ছিলেন। তাঁর ভাশুরের ছেলে মুজাহিদুল ইসলাম বলেন, ‘চাচি ছিলেন আমাদের বংশের প্রদীপ। তিনি ছিলেন সবার অভিভাবকের মতো।’পরিবারে ছয় বোন, দুই ভাইয়ের মধ্যে রাজিয়া বেগম ছিলেন পঞ্চম। বাবা বেঁচে নেই। মা আছেন। গতকাল বিকেল পর্যন্ত ফেনীতে থাকা মা ঢাকায় এসে পৌঁছাননি।একজন বড় কর্মকর্তা হয়েও রাজিয়া বেগমের জীবনাচরণে দৃশ্যত তার কোনো প্রভাব পড়েনি। ঘরের আসবাব বা অন্য কিছুতেই অহেতুক জাঁকজমক নেই। তাঁর বোনের স্বামী সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদও যা জানালেন, তাতে রাজিয়া বেগম বলতে সবকিছু ছাপিয়ে সাদামাটা জীবন কাটানো একজন অনন্যসাধারণ মানুষই উঠে আসে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক আবুল হোসেন জানালেন, রাজিয়া বেগম আলাদা একটি শিশু অধিদপ্তর গঠনের জন্য কাজ শুরু করেছিলেন।হজ করে ফেরার সময় আতর, জমজমের পানি ইত্যাদি এনেছিলেন রাজিয়া বেগম। শেষ গোসল দেওয়ার পর সেই আতরের খোঁজ পড়ল। কিন্তু শখের আতর কোথায় যত্ন করে রেখে গেছেন, সে খবর আর কেউ জানে না। গোসলের পর বিছানার চাদর ও অন্যান্য নিজস্ব জিনিস খুঁজতে গিয়েও একই অবস্থা। আবার ওঠে কান্নার রোল।প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপালগঞ্জে যাওয়ার পথে গতকাল এক দুর্ঘটনায় প্রাণ হারান রাজিয়া বেগম (৫২) ও বাংলাদেশ কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৫৫)।