মেয়ে বলেই এমন নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের শিশুটির গলা ফুলেছে। কান্নাকাটি করছিল সে। উদ্বিগ্ন মা চিকিৎসকের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন মেয়েকে। কিন্তু শিশুটি মেয়ে হওয়ায় ক্ষুব্ধ বাবা চিকিৎসা করাতে রাজি হননি। উল্টো তিনি শিশু ও তার মাকে বেদম মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বাবার নির্যাতনে শিশুটির দুই পা ফুলে গেছে। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে নির্মম আঘাতের চিহ্ন। এ অবস্থায় আহত শিশুটির ঠাঁই হয়েছে হাসপাতালে। চিকিৎসকদের ধারণা, নির্যাতনে শিশুটির পায়ের হাড় ভেঙে যেতে পারে। নির্মম এ ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা ১১টায় রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর মিরাপাড়া গ্রামে। গত মঙ্গলবার বিকেলে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মেঝেতে শুইয়ে রাখা শিশুটির মাথার কাছে বসে এক নারী কাঁদছেন। কারণ জানতে চাইলে হাউমাউ করে কেঁদে তিনি বলেন, ‘অর বাপে অক (সন্তানকে) মারি ঠ্যাং ভাঙি দেছে। মোকো মারি বাড়ি থাকি বাইর করি দেছে।’পরিচয় জানতে চাইলে নিজের নাম শাহানা বেগম (২৫) বলে জানান। আর শিশুটির নাম মারজুখা মিতু (৪)। শাহানার স্বামী মজমুল হক (৪২) চা বিক্রেতা। ছয় বছর আগে মজমুলের সঙ্গে বিয়ে হয় শাহানার। আগে মজমুলের আরও দুই স্ত্রী ছিল।শাহানা অভিযোগ করেন, বিয়ের পর কোলজুড়ে আসে এই মেয়েটি। এতে অসন্তুষ্ট হন তাঁর স্বামী। এরপর আরও একটি ছেলেসন্তান হলেও মেয়েকে তিনি ভালো চোখে দেখতেন না। গত কয়েক দিন আগে মেয়েটির গলা ফুলে যায়। খেতে পারছিল না। যন্ত্রণায় অনবরত কান্নাকাটি করছিল। চিকিৎসা করাতে বললেও কর্ণপাত করছিল না তার বাবা। গত সোমবার মিতু গলা ফোলার যন্ত্রণায় ভীষণ কান্নাকাটি করছিল। এ অবস্থায় মজমুলকে বাড়িতে আসতে খবর পাঠান শাহানা। তিনি অভিযোগ করেন, মজমুল এসেই প্রথমে মিতুকে হাত ধরে আছাড় দিয়ে লাথি মারেন। এরপর হাত দিয়ে পেটান, আর বলতে থাকেন, ‘বেটির অতো সোহাগ কিসের। তুই মরলে মুই মুক্তি পাও।’ ডেকে আনার কারণে লাঠি দিয়ে তাকেও পেটান মজমুল। পরে বাড়ি থেকে বের করে দেন।আহত ও অসুস্থ মেয়েকে নিয়ে নিরুপায় শাহানা হতদরিদ্র মায়ের বাড়ি উপজেলার আমরুলবাড়ী পলিপাড়া গ্রামে যান। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত মঙ্গলবার দুপুরে তিনি মিতুকে হাসপাতালে নিয়ে আসেন। জানতে চাইলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুফিয়া খাতুন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ওটা জানোয়ার বাবা। বাবা কখনো নিজের সন্তানকে এভাবে মারতে পারে, ভাবতেও ভীষণ কষ্ট হয়। নির্মম নির্যাতনে শিশুটির দুই পা ফুলে গেছে। আঘাতের কারণে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। শিশুটি দাঁড়াতে পারছে না। তার পায়ের হাড় ভেঙে যেতে পারে। এক্স-রে করলে তা বোঝা যাবে। এর দরকার ভালো চিকিৎসা। কিন্তু অসহায় মায়ের সেই সংগতি নেই।’মজমুল হকের ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তাঁর প্রতিবেশীরা বলেন, ‘তিনি একজন অমানুষ। আগে আরও দুটি বিয়ে করেছিলেন। তাঁর নির্যাতনে দুই স্ত্রী সংসার ছেড়ে পালিয়ে গেছেন।’অভিযোগ সম্পর্কে মজমুল হক বলেন, ‘মেয়ের চিকিৎসা করানোর মতো টাকা আমার নেই। তারপরও বারবার আমাকে চিকিৎসা করার কথা বলা হচ্ছিল। মাথা গরম হওয়ায় একটু মেরেছি। আমি আর ওই স্ত্রী ও সন্তানের মুখ দেখতে চাই না।’