যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী আসপিয়া হত্যার দ্রুত বিচার দাবি করেছেন তাঁর মা-বাবাসহ স্বজনেরা। গতকাল সোমবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।
আসপিয়া যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার আসলাম হোসেনের মেয়ে। ২০১১ সালের নভেম্বরে বাঘারপাড়া উপজেলার ভায়না গ্রামের সদরুল আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে আসপিয়ার বাবা আসলাম হোসেন বলেন, বিয়ের দুই বছর পরই আসপিয়া একটি কন্যাশিশুর জন্ম দেন। এরপর থেকে তাঁর ওপর নির্যাতন নেমে আসে। স্বামী সদরুল, শ্বশুর তৌহিদুর রহমান, শাশুড়ি আংগুরা বেগম, ননদ সাদিয়া তামান্না ও সাদিয়ার স্বামী কামরুজ্জামান মিলে যৌতুকের দাবিতে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সদরুলকে কয়েক দফায় মোট সাড়ে আট লাখ টাকা দেওয়া হয়। এরপরও নির্যাতন থামেনি। সর্বশেষ ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসপিয়াকে মারপিট করে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় হত্যা মামলা করতে আসলাম হোসেন বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু যশোর জেনারেল হাসপাতাল থেকে থানায় পাঠানো ময়নাতদন্ত প্রতিবেদনে বিষয়টি ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়। এর ফলে পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা নিয়েছে।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘আসপিয়া গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তারপরও যৌতুকের দাবিতে হত্যাকাণ্ড হিসেবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার বিষয়টি উল্লেখ থাকায় সে অনুযায়ী মামলা নেওয়া হয়েছে।’ ওসি জানান, এ মামলায় আসপিয়ার ননদ সাদিয়া তামান্না ও সাদিয়ার স্বামী কামরুজ্জামানকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। স্বামীসহ অন্য আসামিরা পলাতক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসপিয়ার মা রোকেয়া সুলতানা, স্থানীয় বাসিন্দা ও সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ আফসার আলীসহ কামাল হোসেন, বিপ্লব কুমার, আম্বিয়া মঞ্জু প্রমুখ।