মেয়ে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার কানাইরালী গ্রামের খাদিজা আক্তার হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত ব্যক্তির পরিবার। গতকাল বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে খাদিজার মা পারুল বেগম এ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে পারুল বেগম বলেন, খাদিজার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য খাদিজাকে নির্যাতন করে গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর জখম করে। পরদিন ১১ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১২ ডিসেম্বর খাদিজা মারা যান। এ ঘটনার পর খাদিজার স্বামী সোহাগ পালিয়ে যান। ঝিকরগাছা থানায় এ বিষয়ে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। অবশেষে ২ জানুয়ারি যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

ঝিকরগাছার থানার পরিদর্শক (তদন্ত) ফকির আজিজুর রহমান বলেন, খাদিজা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে থানায় কেউ অভিযোগ করতে আসেনি। এখন পুলিশকে অভিযুক্ত করলে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এ সময় নিহত খাদিজার বাবা আতাউর রহমান, ভাই ওলিয়ার রহমান, বোন নুর নাহারসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।