মেয়ে হত্যায় জড়িত অভিযোগে মা-বাবাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় পারিবারিক কলহের জের ধরে মেয়ে হত্যায় জড়িত সন্দেহে পুলিশ তাঁর মা-বাবা, ভাবিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার তাঁদের ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত সোমবার ভোরে ফরিদা ইয়াছমিন (২১) নামের এক নারীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন মর্মে প্রচার করেন স্বজনেরা। ওই দিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় এবং দুপুরে ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় পুলিশ ফরিদা ইয়াছমিনের বাবা জাকির হোসেন (৬০), মা লায়লা আক্তার (৫০) ও ভাবি রুনা লায়লাকে (২৮) গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের জমির উদ্দিন চৌধুরীবাড়ির জাকির হোসেনের মেয়ে ফরিদা ইয়াছমিন (২১) ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ফরিদা ইয়াছমিনের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সাড়ে তিন বছর আগে ফুলগাজী উপজেলার সাইফুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রায় চার মাস আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। এর পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। গত রোববার রাতে তাঁর মা-বাবাসহ পরিবারের অন্যদের সঙ্গে ঝগড়া হয়। সোমবার সকাল আটটায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফরিদা আত্মহত্যা করেন। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, গত সোমবার দুপুরে ময়নাতদন্তকালে নিহত ফরিদার মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন এবং গলায় শ্বাসরোধের আলামত দেখা গেছে। চিকিৎসকেরা এটাকে হত্যাকাণ্ড হিসেবে মনে করেন।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। তাঁর বাবা, মা ও ভাবিকে গ্রেপ্তার করা হয়েছে।