
২৭ বছর বয়সী নুর-ই তাবাসসুম (মিতি) কাছে এসে বসলেন। বসেই প্রতিবেদকের ব্যাগ খুলে ভেতরে চানাচুর আছে কি না খুঁজতে লাগলেন। আর মুখে অস্পষ্ট করে বলছেন, ‘আমি চানাচুর খাব। আমি চানাচুর খাব।’ মিতির মা চিকিৎসক রওনাক হাফিজ মেয়েকে আদর করে বুঝিয়ে বললেন, এভাবে বলতে হয় না।
মেয়েকে এভাবেই আগলে রাখছেন এই মা। তবে শুধু নিজের মেয়ে নয়, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে তিনি মোট ১৭০ জন অটিস্টিক ছেলেমেয়ের মায়েদের আশ্রয়স্থলে পরিণত হয়েছেন। মায়েরা তাঁর কাছে এসে কষ্টগুলো ভাগাভাগি করেন। ২০০৪ সাল থেকে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যাত্রা শুরু।
মা দিবস উপলক্ষে গতকাল শনিবার ধানমন্ডির বাসায় রওনাক হাফিজের সঙ্গে কথা হয়। তিনি ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। মেয়েকে কে দেখভাল করবে—এই উদ্বেগ-উৎকণ্ঠা থেকে প্রায় দুই যুগ আগে তিনি সরকারি চাকরি ছেড়ে দেন। তবে সে জন্য তাঁর আফসোস নেই বলেই জানালেন।
রওনাক হাফিজ বলেন, ‘চাকরিটা ছেড়ে দেব—এ জন্য অনেক দ্বন্দ্ব কাজ করেছে। আমার মা একদিন বললেন, এ ধরনের বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্যই হয়তো তোমার জন্ম। কথাটা মনে ধরল। আর এখন ফাউন্ডেশনে বাচ্চাগুলো যখন বিভিন্ন জিনিস তৈরি করে, বিভিন্ন বিষয়ে ভালো করে, তখন মনে হয় আমার চাকরি ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল।’
রওনাক হাফিজ নিজে শিশুদের চিকিৎসক হয়েও মেয়ের সমস্যাটা প্রথমে পুরোপুরি বুঝতে পারেননি। ১৯৮৮ সালে মেয়ে মিতির জন্ম। সাড়ে তিন বছর পর্যন্ত মেয়ে ভালোই ছিল। তারপর আস্তে আস্তে অস্বাভাবিকতার শুরু। বিভিন্ন জায়গায় মেয়েকে ঘুরে আমেরিকায় গিয়ে জানতে পারেন, তাঁর মেয়ের অটিজম স্পেকটার্ম ডিজঅর্ডার। মেয়ের জন্য প্রয়োজন বিশেষ সহায়তা। তত দিনে তিনি দুই মেয়ে ও এক ছেলের মা।
রওনাক হাফিজ বললেন, মিতি অনেকটাই জায়গা দখল করে রেখেছে। ফলে অন্য দুই সন্তানকে সেভাবে সময় দিতে পারেননি। এখন ছেলে সাদিক আহমেদ কানাডায় চাকরি করছেন। আর মিতির ছোট বোন আনিকা তাবাসসুম পড়ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। লক্ষ্য—বাবা মাসুম কবীরের মতো স্থপতি হওয়া।
মিতির ভবিষ্যৎ নিয়ে তাঁর মায়ের চিন্তাভাবনা অনেক। রওনাক হাফিজ ছলছল চোখে বললেন, ‘বিয়ে যদি অভিশাপ হয়, তাই সে চিন্তা করি না। আমি যখন থাকব না, তখন ও হোস্টেল বা বাসা যেখানেই থাকবে, সেখানে যেন ভালো থাকে। এ-ই চাই।’
রওনাক হাফিজ মেয়েকে নিয়ে সংগ্রাম করতে গিয়ে পাশে পেয়েছেন বাবা ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের। যে মায়েরা পরিবার থেকে সহায়তা পান না এবং ঢাকার বাইরের সব ধরনের সুযোগ-সুবিধাবঞ্চিত মায়েদের কথা বারবার বললেন তিনি। এই মায়েদের সংগ্রামে পরিবারের পাশাপাশি সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বানও জানালেন।
রওনাক হাফিজের সঙ্গে কথা বলার পুরো সময় মিতি এঘর-ওঘর হাঁটাহাঁটি করলেন। আপনমনে অদ্ভুত শব্দ করে হাসলেন। প্লেটে নিয়ে চেটেপুটে প্যাটিস খেলেন। গুনগুন করে গানও গাইলেন। বারবার দরজা বন্ধ করলেন ও খুললেন। মা, বাবা ও পরিবারের অন্যরা খুবই স্বাভাবিকভাবে মিতির এই আচরণকে মেনে নিয়েছেন। মেয়ের দৈনন্দিন জীবনের অনেক কাজেই মায়ের সহায়তা লাগে। গায়ের জামাকাপড় ঠিক করে দিতে হয়। কোনো লাঞ্ছনার শিকার যাতে না হন, তা নিয়ে সচেতন থাকতে হয়।
রওনাক হাফিজ বললেন, ‘শুধু আমি না, আমার মতো অন্য মায়েরাও সমাজের অন্যদের কাছ থেকে খুব বেশি কিছু চান না। আমরা চাই, সবাই আমাদের ছেলেমেয়েদের স্বাভাবিকভাবেই মেনে নেবে। ওদের দেখে ভ্রু কুঁচকাবে না।’