মেয়েকে আনতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকায় একটি দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় যদু মোহন সিংহ (৭৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তাঁর বাড়ি মণিপুরি অধ্যুষিত আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে। তিনি পাশের ভানুবিল গ্রামের এক বিয়েবাড়ি থেকে মেয়ে সুনীতি সিনহাকে আনতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।পারিবারিক সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় ভানুবিল গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যায় সুনীতি। রাত সাড়ে আটটার দিকে মেয়েকে আনতে ঘোড়ামারা থেকে ভানুবিল গ্রামে রওনা দেন বাবা যদু মোহন। কমলগঞ্জ-আদমপুর সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন যদু মোহন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।