মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার ওপর হামলায় চালিয়েছে বখাটেরা। গত শুক্রবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে বড়চাপা বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁকে জাকির মিয়া নামের এক বখাটে উত্ত্যক্ত করে। জাকির বড়চাপা গ্রামের আলম মিয়ার ছেলে। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে মেয়েটি উত্ত্যক্তের ঘটনা বাবাকে জানায়। পরে তার বাবা ঘটনাটি জাকিরের মামা হজরত আলীকে জানান। শুক্রবার বিকেলে মেয়েটির বাবা বড়চাপা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় জাকিরের বাবা আলম মিয়া, মোহামঞ্চদ আলী, হাশিমসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান আলম মিয়াসহ অন্যরা। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা দ্রুত চলে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হামলায় তাঁর বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ছাত্রীটির চাচা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ভাইকে নিয়ে আমি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।’এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘ছাত্রীটির বাবা গতকাল দুপুরে একটি মামলা করেছেন। আমরা ব্যবস্থা নেব।’