মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় বাবাকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় বাবাকে রড দিয়ে পিটিয়েছে বখাটেরা। এখন মেয়েটিকে অপহরণের হুমকিও দেওয়া হচ্ছে। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের বাউট গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে। মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, সে প্রথমে বাউট কে জি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। তখন থেকেই ছাতিয়ান গ্রামের রজব (২২), মামুন (২১) ও একলাছ উদ্দিন (১৯) তাকে উত্ত্যক্ত করতেন। তাঁদের উৎপাতে মেয়েটি একপর্যায়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এক বছর পর সে স্কুল বদল করে বাউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু সেখানেও বখাটের দল তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। আতঙ্কিত মেয়েটি তার বাবার সঙ্গে নিয়মিত স্কুলে যেত। মেয়েটির বাবা বলেন, তিনি বাউট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বৃহস্পতিবার তিনি মেয়েকে স্কুলে নিয়ে যান। পথে তাঁর সামনেই মেয়েকে বখাটেরা অশ্লীল ভাষায় গালাগাল করে। এর প্রতিবাদ করায় বখাটেরা শনিবার বামুন্দী টাওয়ার মার্কেটের সামনে তাঁকে রড দিয়ে পিটিয়ে আহত করে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মেয়েটির বাবা অভিযোগ করেন, বখাটের দল এলাকায় একটি রাজনৈতিক দলের ক্যাডার বলে পরিচিত। তারা এখন তাঁর মেয়েকে অপহরণের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এটি আমলে নেয়নি। একই স্কুলের একাধিক মেয়ে জানায়, ওই বখাটেদের কারণে তারাও স্বাভাবিকভাবে স্কুলে যাওয়া-আসা করতে পারে না। বাউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুনা লাইলা বলেন, মেয়েটি খুবই মেধাবী। এবার সমাপনী পরীক্ষা দিয়েছে। কিন্তু বখাটেদের উত্ত্যক্তের কারণে তার শিক্ষাজীবন এখন হুমকির মুখে। তিনি বলেন, স্কুল এলাকায় বখাটেদের উৎপাত বন্ধে একাধিকবার আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ থানায় জমা আছে। অভিযোগটির গুরুত্ব যাচাইয়ের পর এটি মামলা হিসেবে নেওয়া হবে। বিষয়টি তদন্তের জন্য বামন্দী ফাঁড়ির পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষিকা রুনা লাইলার অভিযোগ সম্পর্কে ওসি বলেন, ‘আমি নতুন এসেছি। বখাটেদের উৎপাত সম্পর্কে কোনো অভিযোগ পাইনি।’এলাকায় গিয়ে অভিযুক্ত বখাটেদের পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোন নম্বরও সংগ্রহ করা যায়নি।