মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাত
স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে জখম করেছে বখাটে যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার নরসিংদীর বেলাব উপজেলায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর আদর্শ উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে একই ইউনিয়নের রানগাঁয়েরটেক গ্রামের ইসমাইল হোসেন তার গতিরোধ করেন। মেয়েটি চিৎকার করলে ইসমাইল তাকে টেনেহেঁচড়ে রাস্তার পাশে ধানখেতে নিয়ে যান। এ সময় মেয়েটির বাবা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বাধা দিলে ইসমাইল ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনার প্রতিবাদে বটেশ্বর আদর্শ উচ্চবিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা ইসমাইলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।বেলাব থানার ওসি মেজবাহ্ উদ্দিন খান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইসমাইলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।