মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় বাবাকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করছিল একদল বখাটে যুবক। এর বিচার চাওয়ায় গত শুক্রবার রাতে বখাটে যুবকেরা কৌশলে মেয়েটির বাবা মুজিবুর রহমানকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়েছে। এজাহারে বলা হয়, ডুংশ্রী গ্রামের শাহাবউদ্দিন, সাদিক, ছালিক, সাজু ও আল আমিন—এই পাঁচ বখাটে যুবক ওই মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছে। ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমদ শুক্রবার রাতে ডুংশ্রী গ্রামের প্রায় আধাকিলোমিটার দূরে বৈরাগীবাজারে সালিস ডেকেছেন বলে মুজিবুরকে জানানো হয়। সালিসে যোগ দিতে মুজিবুর শুক্রবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। এভাবে বখাটে যুবকেরা কৌশলে মুজিবুরকে অপহরণ করে।ইকবাল আহমদ বলেন, ‘ওই মেয়েটিকে উত্ত্যক্ত করার অভিযোগ আমাকে জানানো হয়েছিল। কিন্তু শুক্রবার আমি কোনো সালিস ডাকিনি। তবে সালিসের নামে মুজিবুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি।’ দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপহূত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।