মেয়েকে কুপ্রস্তাব, অপমান ও কষ্টে বাবার আত্মহনন
মেয়েকে অনৈতিক কাজের প্রস্তাব দেওয়ার অপমান সইতে না পেরে হতদরিদ্র এক বাবা বিষপানে আত্মহত্যা করেছেন। হূদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।এজাহারে উল্লেখ করা হয়েছে, ভবেরচর গ্রামের বাগানবাড়ী এলাকার ওই ব্যক্তি তিনি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন। তাঁর মেয়ে (১২) স্থানীয় বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত। একই গ্রামের প্রভাবশালী কামাল হোসেন (৩৮) দীর্ঘদিন ধরে মেয়েটিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে মেয়েটি রাজি না হওয়ায় কামাল হোসেন গত শনিবার মেয়েটির বাবাকে (৪৫) বলেন, ‘মেয়েটিকে আমার নির্মাণাধীন বাড়িতে পাঠাবেন, অন্যথায় আপনার (মেয়েটির বাবা) বিরুদ্ধে মামলা করা হবে এবং আপনাকে মেরে ফেলা হবে।’ এই অপমান সইতে না পেরে মঙ্গলবার দুপুরে মেয়েটির বাবা বিষপান করেন। তাঁকে গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাঁকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে কামাল হোসেন নিজেকে সাংবাদিক ও প্রথম শ্রেণীর ঠিকাদার পরিচয় দেন। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, প্রতিবেশী হওয়ায় তিনি মেয়েটির বাবাকে চেনেন, মেয়েকে চেনেন না। বাগানবাড়ী এলাকায় তাঁদের একটি পাঁচতলা বাড়ির নির্মাণকাজ চলছে। এ কাজ তদারকি ও ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গত শনিবার তিনি ঢাকা থেকে গ্রামে গিয়েছিলেন। মাসে এক-দুবার বাড়িতে যান। কোন পত্রিকা বা চ্যানেলে সাংবাদিকতা করেন—জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ভবেরচর এলাকার কয়েক শ মানুষ মঙ্গলবার রাতে ও গতকাল সকালে বিক্ষোভ মিছিল করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মিয়া, পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে দোষী ব্যক্তিকে শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।