মেয়েকে গলা কেটে হত্যা, বেঁচে গেলেন মা
ঢাকার সাভার পৌর এলাকার জামসিং ভাটপাড়া মহল্লার একটি বাড়িতে গত বুধবার রাতে আলপনা আক্তার (১৮) নামের এক পোশাকশ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর মা সোনেকা বেগমকে (৬০) একইভাবে হত্যার চেষ্টা করা হলেও তিনি বেঁচে যান। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনেকা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনা গ্রামের আলতাফ হোসেনের প্রথম স্ত্রী। সোনেকার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে তিনি ছোট মেয়ে আলপনাকে নিয়ে জামসিং ভাটপাড়া মহল্লার একটি বাসায় ভাড়া থাকেন।
গতকাল বৃহস্পতিবার সকালে জামসিং গিয়ে দুই কক্ষবিশিষ্ট আধা পাকা বাড়ির একটি কক্ষে আলপনার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘরের আসবাব, কাপড়চোপড় ছিল ওলটপালট। বাইরে থেকে দরজা ভাঙার কোনো আলামত চোখে পড়েনি। অন্য কক্ষটি দেখে পরিত্যক্ত মনে হয়েছে।
সোনেকার প্রতিবেশী আমেলা বেগম বলেন, গতকাল ভোর ছয়টার দিকে তিনি নিজ বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় সোনেকা বাড়ির সীমানাপ্রাচীরের ভেতর থেকে ইশারায় তাঁকে ডাকেন। তিনি বাড়ির ভেতর যাওয়ার পর সোনেকা মুঠোফোন চান। এ সময় সোনেকার গলায় কাপড় জড়ানো ছিল এবং তিনি ভালোভাবে কথা বলতে পারছিলেন না। মুঠোফোন দেওয়ার পর সোনেকা একটি নম্বর টিপে কোনো কথা বলার আগেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ঘরের ভেতরে গিয়ে তাঁর মেয়ে আলপনার জবাই করা লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা সাভার মডেল থানাকে জানান। পরে পুলিশের অনুমতি নিয়ে লোকজন সোনেকাকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ আলপনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার বিশ্বাস বলেন, বুধবার রাতের কোনো একসময় একটি ধারালো অস্ত্রের সাহায্যে মা ও মেয়ের গলা কাটা হয়। আঘাতে আলপনার শ্বাসনালি কেটে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মা সোনেকার শ্বাসনালি আংশিক কাটায় তিনি বেঁচে যান। হত্যায় ব্যবহূত অস্ত্রটি জব্দ করা হয়েছে।
এসআই জানান, দুর্বৃত্তরা গলা কাটার পাশাপাশি আলপনার দুটি স্তনও কেটে দেয়। এ থেকে ধারণা করা হচ্ছে, চাপা ক্ষোভ থেকে বা মাদকাসক্ত কেউ এ কাজ করতে পারে।
স্থানীয় লোকজন জানান, সোনেকা ও তাঁর মেয়ে যে বাসায় ভাড়া থাকতেন ওই বাসার পাশেই এক মাদক ব্যবসায়ীর বাসা। এ কারণে প্রতিদিন সন্ধ্যার পর ওই এলাকায় মাদক ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমে। তাদের কেউ এ ঘটনা ঘটাতে পারে।
সোনেকার বোনের ছেলে রওশন আলম বলেন, তাঁর খালু আলতাফ হোসেন দ্বিতীয় বিয়ে করার কয়েক বছর পর দুই মেয়ে ও ছেলেকে নিয়ে তাঁর খালা সোনেকা বছর দশেক আগে সাভার চলে আসেন। এরপর বড় মেয়ে ও ছেলে বিয়ে করে আলাদা হয়ে যান। বছর চারেক আগে আলপনাকে নিয়ে তাঁর খালা জামসিং এলাকায় বাসা ভাড়া নেন। সেখানে থেকে তাঁর খালা মানুষের বাড়িতে কাজ করতেন। আর আলপনা সাভারের দস্তগীর অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মাঝেমধ্যে তাঁর খালু সাভারে আসতেন।
রওশন জানান, বুধবার আলপনা কারখানায় যাননি। ওই দিন আলপনার সঙ্গে তাঁর ও তাঁদের পরিবারের অন্যদের মুঠোফোনে কয়েকবার কথা হয়েছে। তবে কথাবার্তায় আলপনা কোনো সমস্যার কথা তাঁদের বলেননি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, হত্যার উদ্দেশ্যে মা ও মেয়ের গলা কাটার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোনেকা সুস্থ হলেই সব রহস্যের জট খুলবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।