মেয়েকে চিকিৎসক বানানোর স্বপ্ন 'বৃক্ষমানবের'

‘বৃক্ষমানব’ আবুল বাজনদার কথা বলেন আর হাসেন। হাসতে হাসতেই জানালেন তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌসকে নিয়ে দেখা এক স্বপ্নের কথা। তিনি মেয়েকে চিকিৎসক বানাতে চান। মেয়ে চিকিৎসক হয়ে তাঁর মতো বিরল রোগে আক্রান্ত রোগীদের বিনা মূল্যে চিকিৎসা করবে।
শিকড় গজানো হাত-পা নিয়ে আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন। তারপর পার হয়েছে ছয় মাস। এই ছয় মাসে হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর জীবনকেই পাল্টে দিয়েছেন। তাঁর হাত ও পায়ে এখন শিকড় নেই। ইচ্ছেমতো নাড়াতে পারছেন হাতের আঙুল। আগে দুই হাতের ওজন মনে হতো ১০ কেজি। এখন হাত দুটি একেবারে হালকা। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই মেয়েকে নিয়ে স্বপ্নটা দেখা শুরু করেছেন।
আবুল বাজনদার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রায় আট বছর পর নিজের হাত স্বাভাবিকভাবে নাড়াইতে পারতেছি। এখন আর হাত ভারী লাগে না। এখানকার বড় স্যাররা (চিকিৎসক) অনেক ভালো।’
মঙ্গলবার দুপুরে বার্ন ইউনিটে গিয়ে দেখা গেল, আবুল বাজনদারের দুই হাতে কোনো ব্যান্ডেজ নেই। হাত, হাতের আঙুল ভালোভাবেই নাড়াতে পারছেন। দুই পায়ে ব্যান্ডেজ লাগানো। তবে পায়ে ব্যান্ডেজ নিয়েই একা একা হাঁটতে পারেন।
হাসপাতাল সূত্রে জানা গেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত আবুল বাজনদারের হাত ও পায়ে ১০টি অস্ত্রোপচার করা হয়েছে। আরও অস্ত্রোপচার লাগবে। হাসপাতালে থাকতে হতে পারে আরও ছয় মাস।
হাসপাতালের কেবিনটিই এখন আবুল বাজনদারের ছোটখাটো এক সংসার। অস্ট্রেলিয়া–প্রবাসী সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশে এসে তাঁকে দেখতে গিয়েছিলেন। সে সময় তিনি তাঁকে একটি টেলিভিশন কিনে দিয়ে যান। মেয়ের জন্য পুতুলসহ অন্য দরকারি জিনিসও কিনে দেন। মেয়েটি আশপাশের রোগীর ছোট বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে। বাড়ির মতোই একবার কেবিনে ঢুকছে, আবার ছুটে বের হয়ে যাচ্ছে অন্যদের কাছে।
আবুল বাজনদার গল্পে গল্পে তাঁর প্রেম এবং বিয়ের কথাও জানালেন। বোনের বাড়িতে যাওয়া সূত্রেই দেখা মেলে হালিমা বেগমের সঙ্গে। তখন আবুল বাজনদারের কোনো অসুখ ছিল না। দুজনের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। বোনের বাসা পরিবর্তন হলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে দীর্ঘদিন। আবার যখন দেখা হয়, তখন বাজনদারের হাত ও পায়ে শিকড় গজানো শুরু হয়েছে। তবে হালিমাই দৃঢ়ভাবে তাঁর পরিবারকে জানান, তিনি আবুল বাজনদারকে বিয়ে করতে চান, তাঁর পাশে থাকতে চান। পরিবারের আপত্তি থাকলেও বিয়েটা হয়।
হালিমা ২০১১ সালে এসএসসি পাস করেন। আবুল বাজনদার পড়াশোনা করেননি। তিনি যখন কথাগুলো বলছিলেন, তখন পাশে বসে হালিমা শুধু হাসছিলেন।
খুলনার পাইকগাছার সরল গ্রামের আবুল বাজনদারের বয়স যখন ১৫ বছর, তখন তাঁর ডান হাঁটুর নিচে আঁচিলের মতো একধরনের গোটা উঠতে থাকে। পরে দুই হাতের কনুই পর্যন্ত এবং দুই পায়ের হাঁটু পর্যন্ত আঁচিলে ভরে যায়। দুই হাতের তালুর চামড়া এবং ১০টি আঙুল প্রসারিত হয়ে গাছের শিকড়ের মতো হয়ে যায়। পায়ের আঙুল আর তালুতেও একই অবস্থা। হাত ও পা গাছের শুকনো বাকলের মতো মনে হতে থাকে। চিকিৎসকদের ধারণা, আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত।
সরকারের বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ৩০ জানুয়ারি আবুল বাজনদার যখন হাসপাতালে আসেন, তখন নিজে কোনো কাজ করতে পারতেন না। কথায় কথায় কান্নাকাটি করতেন। সেই বাজনদার এখন শুধু হাসে। হাসপাতালের চিকিৎসকেরা দেখিয়ে দিয়েছেন, দেশেই বিরল রোগের চিকিৎসা করা সম্ভব। বাজনদার যা কখনো স্বপ্নেও দেখেননি, তাই এখন বাস্তবতা। এখন পর্যন্ত তাঁর হাত ও পায়ে আর নতুন করে শিকড় গজায়নি।
হাসপাতালে বাজনদারের চিকিৎসার জন্য কোনো খরচ করতে হচ্ছে না। সব খরচ দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্ন ব্যক্তি অনুদান দিয়েছেন, তা থেকে ভালোমন্দ খাওয়া বাবদ কিছু খরচ করছেন বাজনদার। চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম ইউ কবির চৌধুরী বাজনদারকে জমি কিনে বাড়ি তৈরির জন্য অর্থ দিয়েছেন। সেই টাকা দিয়ে বাজনদার এখন সাড়ে তিন কাঠা জমির মালিক। এ কথা জানিয়ে তাঁর মুখে আবারও কৃতজ্ঞতার হাসি।