মেয়েকে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখতেন মতিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেন পুলিশ কর্মকর্তা মতিউর রহমান। স্বপ্ন ছিল মেয়ে চিকিৎসক আর ছেলে প্রকৌশলী হবে। সন্তানেরা হয়তো বাবার সেই স্বপ্ন পূরণ করবে। কিন্তু তা আর নিজের চোখে দেখতে পারলেন না মতিউর।আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ কেন্দ্র করে গত সোমবার সংঘর্ষের ঘটনায় প্রাণ হারান দুই সন্তানের জনক ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান।সব সময় মতিউর রহমানের ভাবনায় ছিলেন প্রিয় সন্তানেরা। শেষবারের মতো কর্তব্য পালন করতে যাওয়ার সময়ও মুঠোফোনে স্ত্রীকে বলেছিলেন সন্তানদের দেখেশুনে রাখতে। ‘নিয়ন্ত্রণকক্ষে আছি, যেকোনো সময় বাইরের ডিউটিতে যেতে হতে পারে, ছেলেমেয়েদের দেখেশুনে রাখবে।’ গত সোমবার সকাল নয়টার দিকে স্ত্রী রুবিনা আক্তারকে মুঠোফোনে এ কথা বলেছিলেন মতিউর।এদিকে গতকাল মঙ্গলবার মতিউরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এ সময় নওগাঁর জেলা প্রশাসক নাজমানারা খানুম ও পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে ভোরে মতিউরের লাশ নওগাঁ সদর উপজেলার চক আতিথা গ্রামে এসে পৌঁছায়। লাশ দেখতে কয়েক হাজার নারী-পুরুষ তাঁর বাড়িতে ভিড় জমায়। এ সময় মতিউরের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বেলা ১১টার দিকে স্থানীয় চক আতিথা উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে মতিউর রহমানকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মতিউর রহমানের বড় ভাই রেজাউন নবী জানান, চক আতিথা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ার সময় সিপাহি পদে পুলিশ বাহিনীতে যোগ দেন মতিউর। সততা ও দক্ষতার কারণে খুব অল্প সময়ের মধ্যে তিনি প্রথমে নায়েক, তারপর হাবিলদার ও সবশেষে উপপরিদর্শক পদে পদোন্নতি পান। ব্যক্তিগত জীবনে মতিউর রহমান এক মেয়ে ও এক ছেলের জনক। মেয়ে রেজোয়ানা রহমান বহ্নি চক আতিথা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ছেলে রাফায়েত হোসেন আল রাফির বয়স তিন বছর তিন মাস।মতিউরের মেয়ে বহ্নি তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।মতিউরের বাবা গোলাম রসুল আক্ষেপ করে বলেন, তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে একবার কথা বলেন। কিন্তু সোমবার কথা বলতে পারেননি।১১ পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেনমিটফোর্ড প্রতিবেদক জানান, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে গ্রামবাসীর হামলায় আহত ১১ জন পুলিশ সদস্য ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পাঁচজন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।ঢাকা মেডিকেলে আছেন কনস্টেবল মোস্তফা কামাল পাশা, হাবিলদার মনির হোসেন, আবুল কালাম, নায়েক মফিজুল ইসলাম, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল আজান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক প্রথম আলোকে জানান, আহত ছয়জনের মধ্যে হাবিলদার মনির হোসেন ও কনস্টেবল মোস্তফা কামাল পাশার অবস্থা কিছুটা খারাপ। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন: রাজারবাগ পুলিশের আর্মড পুলিশের হাবিলদার আবদুল হক, নায়েক গাজীউল ইসলাম, কনস্টেবল আলীমুদ্দিন, নজিউল্লাহ ও মুন্সিগঞ্জ সদর ব্যাটালিয়নের কনস্টেবল শাবুদ্দিন। আহত পুলিশ সদস্যদের মধ্যে হাবিলদার আবদুল হকের অবস্থা কিছুটা খারাপ। অন্যরা আশঙ্কামুক্ত।