মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমাকে দেখার খুব ইচ্ছা করছে, মা। সামনে রোজার ঈদে তোমার নাতনিকে (জুঁই) নিয়ে বেড়াতে আসব। তুমি কোনো চিন্তা কোরো না, মা।’ ঢাকার সাভারে ভবনধসে নিহত পোশাকশ্রমিক সাজেদার (২২) সঙ্গে মুঠোফোনে সর্বশেষ হওয়া এই কথাগুলো বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন তাঁর মা সুফিয়া বেগম (৫২)। গত মঙ্গলবার রাতে সাজেদা ঢাকা থেকে মুঠোফোনে তাঁদের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেছেন। পরের দিন সকালে সাভারে রানা প্লাজা ধসে তিনি নিহত হন। গত শুক্রবার সাজেদার লাশ তাঁর স্বামীর বাড়ি গাইবান্ধার ধানঘড়া গ্রামে দাফন করা হয়। শনিবার সাজেদার গ্রামের বাড়ি হাতীবান্ধার ঘুমটিঘর এলাকায় গিয়ে দেখা যায়, সাজেদার বাবা সামশুল হক আর মা সুফিয়া বেগম আহাজারি করছেন। অসুস্থ থাকায় গাইবান্ধায় গিয়ে মেয়ের লাশ দেখার সুযোগ হয়নি তাঁদের। সাজেদার বড় ভাই ফজল জানান, দুই বছর আগে সাজেদার বিয়ে হয়। কিছুদিন পর স্বামী জনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ নেন। আর সাজেদা চাকরি পান সাভারের রানা প্লাজার একটি পোশাক কারখানায়। কিছুদিন পর তাঁদের ঘরে জন্ম নেয় একটি কন্যাশিশু। তার নাম জুঁই। জুঁইয়ের বয়স প্রায় এক বছর।