মেয়েকে নিয়ে বাসায় ফেরা হলো না জান্নাতুলের
কিছুক্ষণ আগে শেষ হয়েছে মেয়ে নাবিলা মরিয়মের পরীক্ষা। বাসায় ফেরার আগে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পাশে দাঁড়িয়ে প্রশ্ন নিয়ে মেয়ের পরীক্ষা কেমন হলো তা যাচাই করে দেখছিলেন মা জান্নাতুল নাহার (৩৬)। হঠাৎ তাঁর গায়ের ওপর ধসে পড়ে সীমানাপ্রাচীরটি। আর ফেরা হলো না বাসায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
আজ বুধবার বেলা সোয়া একটার দিকে বাকলিয়ার মিয়াখান নগরের ব্রাইটসান কেজি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে জান্নাতুলের চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়ের শরীরে কোনো আঘাত লাগেনি।
নিহত জান্নাতুল মিয়াখান নগরের বাসিন্দা ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রী। নাবিলা তাঁদের একমাত্র সন্তান। সে ব্রাইটসান কেজি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী।
আজ বুধবার বিকেল পাঁচটার দিকে চমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, মর্গের সামনে জান্নাতুলের আত্মীয়স্বজনেরা লাশের জন্য অপেক্ষা করছিলেন। তাঁদের মাঝে নির্বাক হয়ে দাঁড়িয়েছিল স্কুল পোশাক পরা নাবিলা। আত্মীয়স্বজনেরা তাকে আগলে রাখছিলেন।
নিহত জান্নাতুল নাহারের মামা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, আজ নাবিলার ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় ফেরার আগে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পাশে দাঁড়িয়ে পরীক্ষা কেমন হয়েছে তা যাচাই করছিলেন জান্নাতুল। কিন্তু একটি ট্রাক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে ধাক্কা দিলে তা জান্নাতুলের ওপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়। মেয়েকে নিয়ে বাসায় ফেরার পরিবর্তে তাঁর ঠাঁই হয়েছে হাসপাতালের মর্গে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর প্রথম আলোকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।