মেয়েকে নিয়ে বাড়ি ফেরা হলো না
তিন মাসের অন্তঃসত্ত্বা একমাত্র মেয়েকে নিয়ে বাড়ি ফেরা হলো না গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের বাসিন্দা সাতপাড় সরকারি নজরুল কলেজের প্রধান সহকারী অমল কৃষ্ণ বালা দম্পতির।বুধবার স্ত্রী মিনা বালাকে সঙ্গে নিয়ে মেয়ে সুপ্রা বালার (২৮) ঢাকার বাড়িতে বেড়াতে যান অমল কৃষ্ণ বালা। গত শনিবার দুপুর পৌনে একটার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে সুপ্রা বালা নিহত ও অন্তত ২০ জন বাসযাত্রী আহত হয়।গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের বারান্দায় চিকিৎসকের কক্ষের পাশে সুপ্রা বালার নিথর দেহ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর চার-পাঁচ হাত দূরেই আহত বাবা-মা প্রাথমিক চিকিৎসা নিয়ে বারান্দায় তাঁর জন্য অপেক্ষা করছেন। তখন পর্যন্ত তাঁরা জানেন না, তাঁদের একমাত্র মেয়ে আর বেঁচে নেই।জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সৌমিত্র শেখর বলেন, দুর্ঘটনাকবলিত ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।