মেয়েকে ফিরে পেতে ভারতের আদালতে বাংলাদেশি বাবা
মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক বাংলাদেশি। গত সোমবার মেয়েটির বাবা আহমেদ জামিল (আসল নাম নয়) এ বিষয়ে আদালতের নির্দেশনা চান বলে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু।
মেয়েটি এখন তামিলনাড়ুর রামানাথপুরাম জেলায় নারীদের জন্য তৈরি বিশেষ এক শিবিরে আছেন। যৌন ব্যবসায়ী চক্রের খপ্পর থেকে উদ্ধার করে পুলিশ মেয়েটিকে সেখানে রেখেছে।
মেয়েটির বাবাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, তালাকপ্রাপ্তা মেয়েটিকে কাজের লোভ দেখিয়ে এক আত্মীয় ভারতে নিয়ে যায়। পরে তাঁকে ভারতের কর্ণাটক রাজ্যের হাবলিতে যৌন ব্যবসায়ী চক্রের কাছে বিক্রি করে দেয় ওই লোকটি। মেয়েটি পরে হাবলি থেকে বেঙ্গালুরু হয়ে দিন্ডিগুলি চলে যান। সেখানে এক আইনজীবী মেয়েটিকে পুলিশের কাছে তুলে দেন। ভারতের একটি এনজিও মেয়েটিকে ফিরে পেতে তাঁর বাবাকে সহায়তা করছে।