মেয়েকে বখাটের হাত থেকে রক্ষা করতে গিয়ে বাবা হাসপাতালে
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক বখাটে যুবক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বখাটে তাঁর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়েকে বখাটের হাতে তুলে না দিয়ে অন্যত্র সরিয়ে দেওয়ায় হামলার শিকার হয়ে তিনি এখন ঢাকার একটি হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন। জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা ওই শিক্ষকের মেয়ে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। ২০০৯ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে সে এসএসসি পাস করে। ওই বিদ্যালয়ে লেখাপড়ার সময় মেয়েটিকে উত্ত্যক্ত করা শুরু করে শোলক গ্রামের নজরুল ইসলামের ছেলে ফাহিম ওরফে ঝন্টু (২০)। মেয়েটির ভাই জানান, স্কুলে যাওয়ার পথে বখাটে ঝন্টু সহযোগীদের নিয়ে তাঁর বোনকে উত্ত্যক্ত করত। এ জন্য তাঁর বোন বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। এসএসসি পাস করার পর তাঁর বোন গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজে ভর্তি হয়। কলেজে যাওয়ার পথেও ঝন্টু তাঁর বোনকে উত্ত্যক্ত করত। এ কারণে তাঁর বোন কলেজে যাওয়া বন্ধ করে দেয়। মেয়ের ভাই আরও অভিযোগ করেন, গত বছরের ২৫ ডিসেম্বর ঝন্টু পাঁচ-সাতজন সন্ত্রাসীকে নিয়ে তাঁদের বাড়িতে গিয়ে তাঁর বাবাকে জানায়, মেয়েকে ঝন্টুর সঙ্গে বিয়ে দিতে হবে। সাত দিনের মধ্যে এই প্রস্তাবে রাজি না হলে তাঁর মেয়েকে এসিড মেরে ঝলসে দেওয়া হবে। বিষয়টি আগৈলঝাড়া থানায় জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বখাটে ঝন্টুর হাত থেকে রক্ষা করার জন্য ওই স্কুলশিক্ষক তাঁর মেয়েকে ৫ ফেব্রুয়ারি অন্য জেলায় এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন। এ ঘটনা জানতে পেরে ৬ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ওই শিক্ষককে বখাটে ঝন্টু ও তাঁর লোকজন হাত-পা বেঁধে বেদম মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ওই শিক্ষকের ডান হাত ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় মেয়েটির ভাই ৭ ফেব্রুয়ারি আগৈলঝাড়া থানায় ঝন্টুসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ ফাহিম ওরফে ঝন্টুর সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।