মেয়েকে বিদায় দিতে চট্টগ্রাম রেলস্টেশনে এসেছিলেন লতিফা বানু (৪৮)। গত রোববার রাতের তূর্ণা নিশীথা ট্রেনে চড়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার কথা মেয়ে ও মেয়ের স্বামীর। মেয়েকে ট্রেনের বগিতে তুলে দিয়ে ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত সঙ্গ দেন। নির্ধারিত সময় রাত ১১টায় ট্রেন ছাড়ে। এরপর তাড়াহুড়ো করে নামতে গিয়ে সেই ট্রেনের নিচেই কাটা পড়লেন লতিফা। ৪ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে।
জিআরপি পুলিশ জানায়, ট্রেনে কাটা পড়ার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। লতিফা বানু নগরের ঘাটফরহাদবেগ এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম আবদুর রাজ্জাক। স্টেশনে লতিফার সঙ্গে স্বামী ও ছেলেও আসেন।
পুলিশ ও রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি হুইসেল বাজিয়ে ছাড়ার মুহূর্তে লতিফা বানু, তাঁর স্বামী ও ছেলে বগি থেকে নামছিলেন। একে একে স্বামী ও ছেলে নামতে সক্ষম হন। তাড়াহুড়ো করে নামার সময় লতিফার বোরকা বগির দরজার সঙ্গে আটকে যায়। তখন তিনি লাফ দিলে ট্রেনের নিচে পড়ে যান।
চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রেনের নিচে পড়ে লতিফার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। মৃত্যুর সংবাদ শুনে মেয়ে ও তাঁর স্বামী ফেনীতে নেমে আবার চট্টগ্রামে চলে আসেন।