মেয়েকে হত্যার কথা আদালতে স্বীকার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিজের মেয়েকে হত্যা করার অভিযোগে গত রোববার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গত মঙ্গলবার হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাদেক আলী। তিনি সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের পানিয়ারচর গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, সাদেক আলীর সঙ্গে প্রতিবেশী ফারুকের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। গত ২৩ মে সন্ধ্যা সাতটার দিকে সাদেক আলী মেয়ে শিমুলীকে (১১) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ কেরানীগঞ্জের সিংহ নদের পাড়ে ডিঙি নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিলেন তাঁর সহযোগী পোড়া আবুল ও আবদুল খালেক।
রাত আটটার দিকে সাদেক আলী, আবুল ও খালেক শিমুলীকে সিংহ নদের দক্ষিণ পাড়ে নিয়ে আসেন। তখন শিমুলী বাবা সাদেক আলীর কোলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে শিমুলীকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ সিংহ নদে ফেলে দেওয়া হয়।