মেয়েকে হত্যার দায়ে বাবাসহ পাঁচজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামে কাকলী নামের সাত বছরের এক শিশুকে হত্যা করার দায়ে বাবাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান গতকাল সোমবার এ রায় দেন।
কাকলী (৭) হাবিবুর রহমান ও ফিরোজা বেগমের মেয়ে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের হাবিবুর রহমান (৪৫), তাঁর ছোট ভাই বিশা শেখ, বোন বিলকিস বেগম, হাবিবুরের আত্মীয় আয়নাল শেখ ও আয়নাল শেখের স্ত্রী মনোয়ারা বেগম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্র ও মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, সংসারে নানা ঝামেলা হওয়ায় হাবিবুর ও ফিরোজার বিচ্ছেদ হয়ে যায়। এরপর ফিরোজা মেয়েকে নিয়ে তাঁর বাবার বাড়িতে এসে বসবাস করতে থাকেন। কাকলীকে যাতে সম্পত্তির ওয়ারিশ না দিতে হয় সে জন্য হাবিবুর তাকে হত্যা করার পরিকল্পনা করেন। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় হাবিবুরের বোন বিলকিস খাতুন কাকলীকে তাঁদের বাড়িতে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কাকলীকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ কলাবাগানে ফেলে রাখা হয়।
এ ঘটনায় ফিরোজা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজগঞ্জ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।