মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ চুমকি
মেহের আফরোজ চুমকি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আপনার মেয়েকে ১৮ বছরের নিচে বিয়ে দেবেন না। এই মেয়েই শিক্ষা গ্রহণ শেষে আপনার দায়িত্ব নেবে। মেয়েরা এখন সর্বস্তরে কাজ করছে। তাদের পেছনে রেখে মধ্যম আয়ের দেশ গড়া সম্ভব নয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন মেহের আফরোজ। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তিনতলা ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা হয়। এতে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সাংসদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই ওয়াসফিয়ারা এভারেস্টে যান। তাঁর (খালেদা জিয়া) সময় কেউ এভারেস্টে যায় না। মেয়েরা যোগ্যতা প্রমাণ করতে পারে না। নারীদের সুযোগ দিতে হয়, পথ খুলে দিতে হয়। পথের যদি শুরু না হয়, শেষ হবে কী করে?’
সভায় মেহের আফরোজ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে আড়াই শ কোটি টাকা ব্যয়ে ১৮টি খাতে নারীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। খুব শিগগির কিশোর-কিশোরীদের ক্লাব গঠনের জন্য সারা দেশে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হবে। পুরুষের দুই হাত আর নারীর দুই হাত দিয়ে কাজ করলে বাংলাদেশের উন্নয়ন কেউ দমিয়ে রাখতে পারবে না।
প্রতিমন্ত্রী বলেন, ‘নারীরা এখন ট্রেন চালানো থেকে শুরু করে ভারোত্তোলনেও দেশের জন্য কৃতিত্ব বয়ে আনছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই সব কাজে নারীদের সমান সুযোগ দেওয়া হচ্ছে। তাঁদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ভিজিডির মাধ্যমে দুই লাখ নারীকে দুই বছর ধরে ৩০ কেজি করে চাল দিচ্ছি। এ ছাড়া তাঁদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। পৌর শহর এলাকায় পাঁচ লাখ নারীকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। আমাদের দারিদ্র্যের হার কমেছে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের গড় আয়ু এখন ৭১ বছর। এর পেছনের কারণ হচ্ছে, দেশে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে। মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে।’
সভায় মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহম্মেদ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমতারা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন, সহসভাপতি আবদুস সবুর, মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক আইনুল কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ।