মেয়েগুলো চোখের সামনে এভাবে মরে যাবে?
১০ মার্চ জামালপুরের মেলান্দহ উপজেলায় এক কিশোরী আত্মহত্যা করেছে। মরার আগে চিরকুট লিখে রেখে গেছে সে ধর্ষণের শিকার হয়েছিল। তার ধারণা হয়েছিল সে বেঁচে থাকলে তার মা–বাবার মানসম্মান নষ্ট হবে। তাই চিরকুটে ধর্ষণকারীর নাম উল্লেখ করে বিচার চেয়েও গেছে।
আর ১৩ মার্চ ময়মনসিংহ শহরের দশম শ্রেণি পড়ুয়া আরেক কিশোরী সৃজা ধর আত্মহত্যা করে। এই কিশোরী মরার আগে তার ফেসবুকে ইংরেজি ও বাংলায় বড় একটি পোস্ট শেয়ার করে। তাতে সে তার পরিবার বিশেষ করে মা ও ভাইকে তার আত্মহত্যা করার জন্য অভিযুক্ত করেছে। প্যারেন্টিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় এই দুই কিশোরীর বাবার সঙ্গে মুঠোফোনে প্রথম আলোর কথা হয়েছে। কান্নার দমকে এই দুই বাবাই তেমন একটা কথা বলতে পারেননি। তবে দুজনই আফসোস করছিলেন, মেয়েদের মনটা একটু বুঝতে পারলে হয়তো এমন ঘটত না। মেয়েরা তাদের মনের ক্ষোভ, অভিমান, ভয় বা মন খারাপের কথাগুলো একটু বললেই তো মেয়েদের পাশে থাকতে পারতেন।
অন্যদিকে শিক্ষক এবং মনোচিকিৎসকেরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলরের পদ থাকা জরুরি। আর অভিভাবকদেরও সন্তানের মন বুঝতে হবে। সন্তানের সঙ্গে সময় কাটাতে হবে। সন্তানদের ভার্চ্যুয়াল জগৎ থেকে যতটুকু সম্ভব দূরে রাখতে হবে।
মেলান্দহ উপজেলার কিশোরীর বাবা জানালেন, মেয়েকে তিনি সব সময় ‘বাবা’ ডাকতেন। তাঁর একটিই মেয়ে ছিল। তিনি ও তাঁর স্ত্রী আর বাবা-মা হতে পারবেন না। এই বাবা বারবার বলতে থাকেন, ‘আমি কিছু বুঝি নাই, আগে থেকে মেয়ে কিছু বলে নাই। মারা যাওয়ার কদিন আগে থেকে মেয়ে বেশি ভালোবাসতে শুরু করে, আগে ১০ বার বাবা ডাকলে ওই কয়দিন ২০ বার ডাকত।’
এই বাবা জানালেন, একটি ছেলে মেয়েকে পথেঘাটে বিরক্ত করে, এ কথা মেয়ে তার মাকে বলেছিল বলে মেয়ে মারা যাওয়ার পর শুনেছেন। তবে মেয়ের মা এ বিষয়ে আগে তাঁকে কিছু বলেননি। মা মেয়েকে বলেছিলেন সাবধানে ও ভালোমতো চলতে। ভেবেছিলেন সব ঠিক হয়ে যাবে। বাবা বললেন, মেয়ের তেমন কোনো চাহিদা ছিল না। মা–বাবা সাধ্য অনুযায়ী যা দিতেন, তাই খুশিমনে মেনে নিত। পড়াশোনাতেও ভালো ছিল।
এই বাবা বললেন, ‘আমার মেয়ে ফাঁসি দিয়া মরছে। শুধু একটাই চাই, যার জন্য আমার মেয়ে ফাঁসি দিছে, তারও যেন ফাঁসি হয়। আমার মতো কপাল আর কোনো বাবার যাতে না হয়। আমি চাই মেয়েরা সম্মান পাক। ওদের যেন সম্মানহানি না হয়।’
বেশির ভাগ অভিভাবক সন্তানকে শুধু বলেন, পড়, পড়, পড়। শুক্রবারও কোচিংয়ে পরীক্ষার জন্য ছুটতে হয়। অনেক ক্ষেত্রে মা–বাবাও সন্তানকে অবিশ্বাস করেন। দূরত্ব তৈরি হয়। সব মিলিয়ে ওরা মনের কথা বলতে পারে না। চাপের মধ্যে থাকে।
আত্মহত্যার আগে দুটি চিরকুট লিখে যায় মেয়েটি। একটিতে লিখেছে, ...ও আমারে বলছে, ওর সঙ্গে দেখা করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সঙ্গে খুব খারাপ কিছু করছে, যা বলার মতো না। বাবা-মা তোমরা ভালো থেকো। আর ছেলেটির নাম তামিম। ইতি তোমাদের আদরের...।’
অন্যটিতে লিখেছে, ‘মা, পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো, ছেলেটার নাম তামিম আহমেদ শপন (স্বপন) খান। মা-বাবা তোমরা ভালো থেকো। আমাকে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলছি ভালো থেকো। গুড বাই, সোনা বাবা মা।’
এই বাবা জানালেন, ঘটনার দিন তাঁর নিজের শরীর খারাপ ছিল। বেলা তিনটার দিকে ভাত খেয়ে যখন কাজে বের হবেন, তখন মেয়ে স্কুল থেকে ফেরে। তবে মেয়ের মুখটা অন্য দিনের চেয়ে কেমন যেন থমথমে ছিল। কাজের তাড়া থাকায় তা নিয়ে মাথা ঘামাননি। পরে তো শোনেন...।
এই ঘটনায় কিশোরীর বাবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। অভিযুক্ত আসামি মো. তামিম আহম্মেদ ওরফে স্বপন (২৫) বর্তমানে কারাগারে। তামিমের ফাঁসির দাবিতে এলাকায় মানববন্ধন হয়েছে।
১৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ঘুরছিল। ময়মনসিংহ নগরের ব্যস্ততম স্বদেশি বাজার এলাকায় সড়কে পড়ে আছে মেয়ের লাশ। পাশে আর্তনাদ করছিলেন বাবা। আশপাশে জড়ো হওয়া মানুষ সে দৃশ্য দেখছিলেন। কেউ ভিডিও করছিলেন মুঠোফোনে। মেয়েটির নাম সৃজা ধর। সে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সৃজা ধরের বাবা স্বপন ধর। তিনি ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যাপক। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে বলছে, সৃজা একা বহুতল ভবনের ছাদে উঠেছিল।
ফেসবুকে সৃজার ইংরেজি ও বাংলায় লেখা স্ট্যাটাসের পুরোটাতেই সে ক্ষোভ প্রকাশ করেছে। লিখেছে তার মরার ইচ্ছা ছিল না, কিন্তু সে বাধ্য হয়েছে। বলতে গেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই সে বেঁচে থাকার জন্য যুদ্ধ করছিল। কিন্তু সমাজ আর প্যারেন্টিং তাকে বাঁচতে দিল না।
সৃজার বাবা স্বপন ধরকে ফোন করা হলে তিনি কান্নার জন্য কথা বলতে পারছিলেন না। অস্ফুট স্বরে যেটুকু বলেন তা হচ্ছে—সন্তানের মঙ্গলের জন্য যতটুকু স্নেহ ও শাসন করা প্রয়োজন, তিনি ও তাঁর স্ত্রী তাই করতেন। ছেলে ও মেয়ের মধ্যে মেয়েকেই বেশি ভালোবাসতেন। মেয়ে ফেসবুকে কষ্টের কথা লিখেছে। অথচ তার এই কষ্ট কখনোই সে তার বাবাকে বুঝতে দেয়নি।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বললেন, মেয়েগুলো চোখের সামনে এভাবে মরে যাবে? জানালেন, সৃজা খুব সুন্দর ছবি আঁকত। সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিত। বেশ হাসিখুশিও ছিল। তবে করোনায় বিধিনিষেধে সৃজা অন্য শিক্ষার্থীদের মতো ঘরবন্দী হয়ে পড়ে। করোনার প্রকোপ কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিক্ষকেরাও সৃজার মধ্যে পরিবর্তন লক্ষ করছিলেন। সে নিয়মিত স্কুলে আসছিল না। চুপচাপ হয়ে গিয়েছিল। তার পরিবার থেকে কোনো সমস্যার কথা জানানো হয়নি।
নাছিমা আক্তার বলেন, ‘নিজ উদ্যোগে কাউন্সেলিংয়ের কোর্স করেছি। আমার বিদ্যালয়ের মেয়েদের কাউন্সেলিং করি। মেয়েদের ছেলে বন্ধু, ডেটিং, ব্রেক আপসহ বিভিন্ন বিষয়ে দরবার করতে হয়। বুকে জড়িয়ে ধরে পরিস্থিতি বুঝিয়ে বলে তাদের শান্ত করতে হয়। তবে সৃজার কাছে পৌঁছানোর আগেই মেয়েটি চলে গেল। এটি আমারই দুর্ভাগ্য।’
ছেলেমেয়েদের প্রেম, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েনসহ নানান জটিলতা থাকবে। ক্রাইসিস বা সমস্যাগুলোর সমাধানে ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে হবে।
নাছিমা আক্তারের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে কাউন্সেলরের পদ থাকতে হবে। এই জেনারেশন কী চায়, তা বুঝতে হবে। বাচ্চাগুলোকে আশ্বস্ত করার, বুকে টেনে নিয়ে তাদের কথাগুলো শোনার মানুষের খুব অভাব। বেশির ভাগ অভিভাবক সন্তানকে শুধু বলেন, পড়, পড়, পড়। শুক্রবারও কোচিংয়ে পরীক্ষার জন্য ছুটতে হয়। অনেক ক্ষেত্রে মা–বাবাও সন্তানকে অবিশ্বাস করেন। দূরত্ব তৈরি হয়। সব মিলিয়ে ওরা মনের কথা বলতে পারে না। চাপের মধ্যে থাকে। অন্যদিকে ভার্চ্যুয়াল জগতে বেশি সময় কাটানোর ফলে তারা অনেক কিছুই করতে চায়, যা অভিভাবকেরা মেনে নিতে পারেন না। আর করোনায় ঘরবন্দী শিশুদের মনের ওপর যে চাপ তৈরি করেছে, তা নিয়ে বাড়তি কাজ করতে হবে।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এই শিক্ষিকা বলেন, ‘বিকেলে আমার বাবা আমার সঙ্গে লুডু খেলতেন। এখনকার ছেলেমেয়েদের কতজন এ সুযোগ পাচ্ছে?’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক মনোচিকিৎসক মোহিত কামাল প্রথম আলোকে বলেন, কেউ আত্মহত্যা করে হুট করে। আবার কেউ পরিকল্পনা করে। পরিকল্পিত আত্মহত্যা হলে প্রথমে তার মনের মধ্যে আত্মহত্যা করার ইচ্ছা জাগে। এক মন বলে মরতে, আরেক মন বলে বাঁচতে। সে অনেকের কাছে আশ্রয় খোঁজে। কেউ এ ধরনের পরিস্থিতির শিকার হলে তাকে সমালোচনা না করে তার মতো করে তাকে বুঝতে হবে। এ পরিস্থিতিতে কেউ কষ্টের কথা বলতে পারলে কষ্টটা শিথিল হয়। মা–বাবাকে সন্তানের মুখের দিকে তাকাতে হবে। সন্তান ট্রমার মধ্যে থাকলে বা তা প্রকাশ করলে মানসিক চিকিৎসা করাতে হবে। সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে।
মোহিত কামাল ধর্ষণের প্রসঙ্গে বলেন, পরিবার, সমাজ এখনো ধর্ষণের শিকার মেয়েটিকে দোষারোপ করে। মেয়েটিও ভাবে এটি তার দোষেই হয়েছে। এ ধারণা পাল্টাতে হবে। মেয়েটিকে বুঝতে হবে এতে তার কোনো দোষ নেই। গণমাধ্যমকেও ধর্ষণের শিকার মেয়েটির চেয়ে ধর্ষকের বিভিন্ন দিক তুলে ধরার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।
মোহিত কামালও ইনস্টিটিউশনে কাউন্সেলর থাকার বিষয়টিতে গুরুত্ব দেন। তিনি বলেন, ছেলেমেয়েদের প্রেম, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েনসহ নানান জটিলতা থাকবে। ক্রাইসিস বা সমস্যাগুলোর সমাধানে ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে হবে।