মেয়েটি অনড় থাকায় শাস্তি হলো বখাটের
এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সুমন ইসলাম নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ গত শনিবার রাতে এই আদালত পরিচালনা করেন।
সুমন ইসলাম আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের বাসিন্দা। উত্ত্যক্তের ঘটনার আপস-মীমাংসায় মেয়েটি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সুমনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ওই ছাত্রীর বাবা জানান, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন সুমন। এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ করেন। পরে দরবার-সালিসে সুমন ক্ষমা চেয়ে আর উত্ত্যক্ত করবেন না বলে অঙ্গীকার করেন। কিন্তু কিছুদিন পর সুমন আবারও তাঁর মেয়েকে উত্ত্যক্ত করা শুরু করেন। এ কারণে মেয়ের এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়নি। কলেজে ওঠার পর বাধ্য হয়ে মেয়েকে তার নানার বাড়ি পাঠিয়ে দেন। শনিবার সকালে মেয়েটি কলেজে যাওয়ার পথে সুমন তার গতিরোধ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় মেয়ের চিৎকারে লোকজন ছুটে এসে তাঁকে রক্ষা করে।
এ ব্যাপারে ওই ছাত্রী বলে, ‘আমাকে ঘটনার আপস-মীমাংসা করার জন্য অনেকেই চাপ দেন। কিন্তু বখাটেপনার শাস্তির জন্য আমি সকাল থেকে রাত ১০টা পর্যন্ত থানায় বসে ছিলাম।’