মেয়েটি এক মাস ধরে 'নিখোঁজ'
এক মাস ধরে খোঁজ মিলছে না সংখ্যালঘু পরিবারের একটি মেয়ের। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী মেয়েটিকে অপহরণ করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
মেয়েটির বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়। অসহায় পরিবারটি কাউখালী থানা, খুলনা র্যাব, বরিশাল র্যাব, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শেষে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে আবেদন করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেছে। কিন্তু ইতিমধ্যে আসামিরা আগাম জামিনও পেয়ে গেছে।
পরিবারের অভিযোগ, কলেজে যাতায়াতের সময় স্থানীয় চিহ্নিত যুবকেরা মেয়েটিকে উত্ত্যক্ত করত। পরিবারের আরজি পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা ওই যুবকদের ডেকে সতর্ক করে দিয়েছিলেন। এরপর মেয়েটিকে অপহরণ করার হুমকি দিতে থাকে ওই যুবকেরা।
গত ২ জানুয়ারি কাউখালী কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয় মেয়েটি। পরিবার দাবি করেছে, তারা খোঁজখবর নিয়ে জানতে পারে, তালুকদার হাটখোলা এলাকা থেকে ফেরদৌস হাওলাদারসহ কয়েকজন যুবক মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়।
আমাদের পিরোজপুর প্রতিনিধি জানান, এলাকায় খোঁজ নিয়ে দুই রকম তথ্য পাওয়া গেছে। স্থানীয় জোলাগাতি ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন জানান, ফেরদৌস হাওলাদার মেয়েটিকে অপহরণ করেছে। তবে ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শুনেছি, ঘটনাটি প্রেমঘটিত।’
মেয়েটির বাবা বলেন, ‘মামলা করায় আসামিরা আমার বাড়িঘর ভাঙচুর করেছে। এলাকা ছেড়ে চলে যেতে চাপ দিচ্ছে। না হলে মেরে ফেলার হুমকি দিচ্ছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো আবেদনে বলা হয়, কাউখালী থানায় সহায়তা চাওয়া হলে গত ১৩ জানুয়ারি মামলা নেয় তারা। ফেরদৌস হাওলাদার, রেজাউল করিম, চান মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুজনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম মাহবুব বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করতে পারলাম না। তার আগেই জামিন নিয়ে নিয়েছে।’ ওসি আরও বলেন, ‘সম্প্রতি ডাকযোগে আমাদের কাছে কিছু কাগজপত্র এসেছে। সেখানে কে বা কারা উল্লেখ করেছে, মেয়েটি মুসলমান হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। কিন্তু প্রকৃত অবস্থা আমরা বুঝতে পারছি না।’