মেয়েটি কলকাতায় মা-বাবার কাছে ফিরতে চায়
নয় বছরের মেয়েটি এখন আছে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে (বালিকা)। ঢাকার একটি আদালতের আদেশের পর তাকে সেখানে রাখা হয়েছে। কান্নাকাটি করে মেয়েটি পুলিশকে বারবারই বলছে, সে কলকাতায় তার মা-বাবার কাছে ফিরতে চায়। তার বাড়ি কলকাতার কালীঘাট এলাকায়।
গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) তত্ত্বাবধায়ক আবুল ফজল মুহাম্মদ আমানুল্লাহ প্রথম আলোকে বলেন, কলকাতার মেয়েটি এখন তাঁদের কেন্দ্রে রয়েছে।
ঢাকা মহানগরের খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়তোষ চন্দ্র দত্ত প্রথম আলোকে বলেন, তিনি খিলক্ষেত নিকুঞ্জ-২-এর রাজউক ট্রেড সেন্টারের সামনে থেকে ওই মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মেয়েটি তাকে বলেছে, সে দুই বছর আগে মায়ের সঙ্গে ঢাকায় আসে। পরে তার মা এক নারীর কাছে রেখে চলে যান। এরপর তার মা আর খোঁজ নেননি। পরে ওই নারী তাকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার এক বাসায় গৃহকর্মীর কাজে লাগিয়ে দেন। প্রথম বাসা থেকে পরে আরেক বাসায় তাকে গৃহকর্মীর কাজে দেওয়া হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, একপর্যায়ে মেয়েটি ওই বাসা থেকে পালিয়ে আসে। গত ২৪ মার্চ বিকেলে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে খিলক্ষেত থানার পুলিশ তাকে উদ্ধার করে করে থানায় নিয়ে যায়। পরে তাকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।
পুলিশ কর্মকর্তা প্রিয়তোষ বলেন, মাঝেমধ্যে তাকে মারধর করা হতো বলে অভিযোগ করেছে মেয়েটি। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, মেয়েটি নিকুঞ্জ এলাকার এক ভাড়াটের বাসায় কাজ করত। মেয়েটিকে ফিরিয়ে নেওয়ার জন্য ওই ব্যক্তি থানাতেও আসেন। কিন্তু তাঁর বিরুদ্ধে মেয়েটি অভিযোগ দেওয়ায় আর তাঁর কাছে দেওয়া হয়নি। মেয়েটির অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গত ২৮ মার্চ ঢাকার শিশু আদালতে প্রতিবেদন দিয়ে খিলক্ষেত থানার এসআই হোসেন মোহাম্মদ গোলাম মোস্তফা বলেছেন, মেয়েটিকে নিরাপদ হেফাজতে রাখা একান্ত প্রয়োজন। সেদিন মেয়েটিকে ঢাকার শিশু আদালতে হাজির করা হয়। পরে আদালত মেয়েটিকে কোনাবাড়ীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালিকা) পাঠানোর আদেশ দেন। পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, মেয়েটি মা-বাবার নাম বলতে পারছে। কলকাতার কালীঘাট এলাকায় বসবাস করে, তাও সে জানিয়েছে। এর বাইরে সে আর কিছুই বলতে পারে না। মেয়েটি পুলিশকে জানিয়েছে, তার বাবা কলকাতার কালীঘাটে দরজির কাজ করেন। মা গৃহিণী। তারা কয় ভাইবোন, তা বলতে পারেনি।
প্রিয়তোষ চন্দ্র দত্ত বলেন, কী কারণে তার মা ঢাকায় রেখে গেলেন, তা বলতে পারছে না সে। তিনি অনেক চেষ্টা করেছেন মেয়েটির মা-বাবার সঙ্গে যোগাযোগ করার। কিন্তু পারেননি।
জানতে চাইলে ঢাকার শিশু আদালতের সরকারি কৌঁসুলি শাহাবুদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, কলকাতার মেয়েকে আদালতের আদেশে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালিকা) রাখা হয়েছে। মেয়েটির অভিভাবক আসার পর আদালত তাঁদের জিম্মায় দিয়ে দেবেন। অভিভাবক না পাওয়া পর্যন্ত সেখানে সে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকবে।